২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মান বাঁচাতে পাকিস্তানে ৪ কন্যাকে হত্যা

নিজের পরিবারের সম্মান বাঁচাতে নাজির আহমেদ কিভাবে তার ২৫ বছর বয়সী সৎ কন্যা ও তার নিজের তিন কন্যাকে গলাকেটে হত্যা করেছে তার বর্ণনা দিতে গিয়ে তিনি একটুও বিচলিত হননি এবং এ হত্যাকান্ডের জন্য মোটেই অনুতপ্ত নন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 01:05 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

কারাগারে স্থানান্তর করার সময় পুলিশ হেফাজতে থাকা ৪০ বছর বয়স্ক শ্রমিক নাজির আহমেদ সাংবাদিকদের কাছে স্বীকার করেন, একটি বিষয়ের জন্য তিনি এখনও অনুতপ্ত। তার সৎ কন্যার কথিত প্রেমিককে হত্যা করতে না পারার জন্য তিনি অনুতপ্ত।

রক্ষণশীল ইসলামী দেশ পাকিস্তানে প্রতি বছর শত শত বালিকা ও নারী তাদের পুরুষ আত্মীয়ের হাতে নিহত হন। মানবাধিকার সংগঠনগুলো বৃহস্পতিবার বলেছে, অপরাধীদের শাস্তি প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষ আরও কঠোর হলেই কেবল এ ধরনের কথিত ‘সম্মান রক্ষার্থে হত্যাকান্ড’ বন্ধ হবে।

পাকিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশন বলেছে, সম্মান রক্ষার্থে হত্যাকান্ডের সাথে জড়িত যে মামলাগুলো আদালতে আসে, ক্ষতিগ্রস্ত পরিবারকে অপরাধীদের পক্ষ থেকে অর্থ প্রদানের বিনিময়ে তার অর্ধেকের বেশি মামলার মীমাংসা হয়ে থাকে। যদিও গত বছর পার্লামেন্টে পাসকৃত এক আইনে সম্মান রক্ষার্থে হত্যাকান্ডের সর্বনিু শাস্তি দশ বছরের কারাদন্ড এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রাখা হয়েছে।

পাঞ্জাব প্রদেশের পূর্বাঞ্চলীয় গাগো মন্দির গ্রামে গত শুক্রবার ওই হত্যাকান্ডের ঘটনা ঘটে। হত্যাকান্ডের প্রধান সাক্ষী ও নাজির আহমেদের স্ত্রী রহমাত বিবি বলেন, তার স্বামী এক হাত দিয়ে সৎকন্যা মুকাদাসের মুখ চেপে ধরে অপর হাত দিয়ে একটি ছুড়ি দিয়ে তার গলা কেটে ফেলে। এর পর নাজির একে একে নিজের তিন শিশুকন্যা বানু (৮), সুমাইরা (৭) এবং হুমাইরাকে (৪) গলা কেটে হত্যা করে।

হত্যাকান্ডের সময় রহমত বিবি ঘরে থাকলেও স্বামীর হুমকির প্রেক্ষিতে সন্তানদের রক্ষা করতে এগিয়ে আসতে পারেননি।

গ্রাম থেকে টেলিফোনে তিনি জানান, আমার কন্যাদের ছেড়ে দিতে আমি আমার স্বামীর কাছে হাতজোড় করেছিলাম। কিন্তু তিনি আমাকে বলেছিলেন, কোন গোলমাল করলে আমি তোমাকেও হত্যা করব।

হত্যাকান্ডের পরের দিন পুলিশ আহমদকে গ্রেপ্তার করে।

মানবাধিকার কমিশন বলেছে, ২০০৫ সালের প্রথম ১১ মাসে ২৬০টির বেশি সম্মান রক্ষার্থে হত্যার ঘটনা ঘটেছে।

সাংবাদিকদের কাছে আহমেদ জানান, ব্যভিচার করার অপরাধে তিনি তার সৎকন্যা মুকাদাসকে হত্যা করেছেন। আর শিশুকন্যারা বড় হলে যেন এ ধরনের অপরাধ করার সুযোগ না পান সে জন্য তাদেরকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, আমরা গরীব মানুষ। আমাদের সম্মান বাঁচানো ছাড়া কোন গত্যন্তর নেই।

মোকাদাস ব্যভিচার করেছে বলে আহমেদ ও তার স্বামী যে অভিযোগ করেছেন, তার সাথে স্থানীয় লোকজনের মত পার্থক্য রয়েছে বলে পাকিস্তানের মানবাধিকার কমিশন জানিয়েছে। স্বামীর অত্যাচারের কারণে সে স্বামীর ঘর থেকে পালিয়েছে বলে তারা জানিয়েছে।

পুলিশ বলেছে, তারা মুকাদাসের কথিত প্রেমিকের পরিচয় এবং সে কোথায় রয়েছে তা জানে না।

এ ব্যাপারে মানবাধিকার কমিশনের পরিচালক কমলা হায়াত বলেন, পাকিস্তানে মহিলাদের সম্পত্তির মত ব্যবহার করা হয় এবং যারা মহিলাদের বিরুদ্ধে অপরাধ করে তাদেরকে শাস্তি দেয়া হয় না।

সনাতন ইসলামী আইনে সংস্কার না আনার জন্য মানবাধিকার কর্মীরা প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকেও দায়ী করেছেন। তাদের ভাষায়, ধর্ষণ, এ্যাসিড নিক্ষেপ এবং মহিলাদের বিরুদ্ধে অন্যান্য অপরাধের ঘটনা ঘটলেও সনাতন আইন প্রকারান্তরে পুরুষ অপরাধীকেই রক্ষা করে এবং পুলিশও অনেকক্ষেত্রে মামলা নিতে চায় না।

অবশ্য মুলতানের পুলিশ বলেছে, আগামী দুই সপ্তাহের মধ্যে আহমেদের মামলার তদন্ত শেষ হবে। হত্যাকান্ড ও প্রতিবেশীদের আতংকিত করার অভিযোগ প্রমাণিত হলে তার মৃত্যুদন্ত হতে পারে।