২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলীয় গাজা এলাকায় মানুষ চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে ইসরাইল

ইসরাইল উত্তরাঞ্চলীয় গাজা এলাকায় ফিলিস্তিনিদের চলাচলের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা বলেছে, নিষেধাজ্ঞা অমান্য করে যে সব ফিলিস্তিনি গাজায় প্রবেশ করবে তাদেরকে লক্ষ্য করে গুলি চালানো হবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 09:18 AM

Updated : 26 Apr 2022, 06:26 PM

ইসরাইলের আরোপিত চলাচলের উপর কড়াকড়ি বুধবার স্থানীয় সময় ১৮০০টা (গ্রীনিচ মান সময় ১৬০০টা) থেকে কার্যকর হয়। কড়াকড়ি আরোপের কিছুক্ষণের মধ্যেই ওই এলাকা থেকে গোলাগুলির আওয়াজ পাওয়া গিয়েছে।

পরবর্তীতে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সেখানে একটি বিমান হামলা চালানো হয়েছে।

ইসরাইলকে লক্ষ্য করে জঙ্গিদের হামলা প্রতিরোধ করার লক্ষ্যেই উত্তরাঞ্চলীয় গাজার দুই দশমিক চার কিলোমিটার এলাকা বাফার জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

এর আগে ফিলিস্তিনি কর্মকর্তারা বাফার জোন ঘোষণার  ইসরাইলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং অর্থপূর্ণ শান্তি সমঝোতা শুরু করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

ফিলিস্তিনের শীর্ষ মধ্যস্থতাকারী সায়েব এরাকাত বলেছেন, বাফার জোন, জঙ্গিবাদ, অনুপ্রবেশ, হামলা, হত্যার প্রকৃতি কেবল সহিংসতা ও প্রতিসহিংসতার সাথে যুক্ত হবে।

ফিলিস্তিনিদের সতর্ক করে দিতে ইসরাইলের সেনাবাহিনী কমান্ডারের স্বাক্ষরিত চলাচল নিষেধাজ্ঞা আরোপের লিফলেট বুধবার সকালে বিমান থেকে উত্তরাঞ্চলীয় গাজার উপর ফেলা হয়।

লিফলেটে বাফার জোন এলাকার মানচিত্র রয়েছে এবং এতে বলা হয়েছে, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

আরবী ভাষায় লেখা ওই লিফলেটে বলা হয়েছে, আপনাদের নিরাপত্তার খাতিরেই লিফলেটের বার্তা সতর্কতার সাথে পড়বেন এবং সে অনুযায়ী আচরণ করবেন।

অবশ্য লিফলেটে উল্লেখিত বাফার জোনে কোন ফিলিস্তিনি গ্রাম নেই।

ইসরাইলের উপর রকেট হামলা বন্ধ করতে দেশটির মন্ত্রিসভার সদস্য ও নিরাপত্তা কর্মকর্তাদের সাথে রোববার এক বৈঠক শেষে প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন ওই এলাকায় বাফার জোন ঘোষণা করতে নির্দেশ দেন।