বড়দিনে মধ্যপ্রাচ্যের শান্তি কামনায় পোপ
পোপ বেনেডিক্ট বড়দিনে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।বড়দিন উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে তিনি এই আহ্বান জানালেন।
দায়িত্ব নেবার পর এই প্রথম বড়দিনে তিনি পুণ্যার্থীদের সম্মুখে হাজির হলেন।
সেন্ট পিটারস ব্যাসিলিকায় হাজারো মানুষের জমায়েতে পোপ সারা বিশ্বের মানুষের শান্তি কামনা করেন। বিশ্বের ৪৬ টি দেশে পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়েছে ।
বেথলেহেমের পরিস্থিতির কথা সকলকে মনে করিয়ে দিয়ে বলেন কেউ যেন সেই পবিত্র ভূমির কথা বিস্মৃত না হয়।
এর আগে ভ্যাটিক্যানে নিজ প্রাসাদের জানালায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিনি বিশ্বশান্তি কামনা করে বড়দিন উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
