নিউইয়র্ক পরিবহন ধর্মঘটে ইউনিয়ন নেতারা জেল খাটতে পারেন
পৃথিবীর ব্যস্ততম শহর নিউইয়র্কে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট করে মানুষকে অস্বস্তিকর অবস্থায় ফেলবার দায়ে পরিবহন ইউনিয়নের নেতাদের জেল খাটতে হতে পারে বলে জানিয়েছেন আমেরিকার একজন বিচারক।
একদিন পরিবহন ধর্মঘট করার দায়ে আদালত পরিবহন ইউনিয়নকে ১০ লক্ষ ডলার জরিমানা করে এরপর দিন বিচারক ‘টি.ডব্লু.ইড লোকাল হানড্রেড’ এর নেতা ট্যস্যান্ট ও ইউনিয়নের অন্য উচ্চ কর্মকর্তাদের আদালতে হাজির হবার জন্য সমন জারি করেন। বিচারক জানান, তাদের জেল খাটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এই অস্বস্তিকর ঝামেলা সৃষ্টির জন্য ট্যস্যান্ট নিউইয়র্কবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করলেও তিনি জানান , এই ধর্মঘট করতে তাদেরকে প্ররোচিত করা হয়েছে। তিনি আরো জানান, ইউনিয়ন এখন মধ্যস্থতাকারীদের সাথে আলোচনায় বসেছে এবং তারা ধর্মঘট প্রত্যাহার করার কথা বিবেচনা করবেন তখনই যখন পরিবহন কর্তৃপক্ষ অলাভজনক অবসর ভাতা সম্পর্কিত প্রস্তাবটি নাকচ করবেন।
মেট্রোপলিটান ট্রান্সপোর্টেশন কর্তৃপক্ষের চেয়ারম্যান পিটার ক্যালিকো একটি বার্তায় জানান, অবসর ভাতা সম্পর্কিত প্রস্তাবটি নাকচ করার দাবী সম্পূর্ণ অবাস্তব ও নীতিবিরোধী। তিনি ইউনিয়ন নেতা ট্যস্যান্টকে তার নিজ অবস্থানের কথা পূনর্বিবেচনা করবার আহবান জানান।
বাস ও সাবওয়ে ধর্মঘটে চৌত্রিশ হাজার পরিবহনকর্মী কর্মবিরতি পালন করেছে।নিউইয়র্কে বিগত ২৫ বছরের ইতিহাসে এই ধরনের ঘটনা এই প্রথম।
আমেরিকার আইনে পরিবহন কর্মীদের ধর্মঘট করার উপর নিষেধাজ্ঞা রয়েছে। বিচারকরা কর্মীদের জরিমানা করার কথা চিন্তা করছেন।
নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ এই বেআইনী ধর্মঘটের তীব্র নিন্দা জানালেও ইউনিয়ন নেতাদের জেলে পাঠাবার পক্ষপাতী নন। তিনি মনে করেন ইউনিয়নকে বড় অংকের টাকা জরিমানা করা উচিৎ কেননা জেলে গেলে ইউনিয়নের কাছে বীরের মর্যাদা পাবে।
ধর্মঘটের ব্যাপারে জনগণ দ্বিধাবিভক্ত হলেও ধর্মঘটের কারণের প্রতি জনগণের সহানুভূতি রয়েছে।
