সাদ্দামের বিচার কার্যক্রম আবার শুরু
সাদ্দাম ও তার সাত সহযোগীর আদালতে উপস্থিত হওয়ার মধ্যদিয়ে বাগদাদে আবার তাদের বিচার কার্যক্রম শুরু হয়েছে।
দুই সপ্তাহ আগে সাদ্দামের আদালত বর্জনের কারণে বিচার কার্যক্রম বন্ধ হয়ে যায়।
ইরাকে পার্লামেন্ট নির্বাচনে লাখ লাখ লোক ভোট প্রদানের পর এই প্রথম সাদ্দামের বিচারের জন্য আদালত আবার বসছে।
নতুন শুরু হওয়া বিচার কার্যক্রমে আরও পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ করা হবে। বৃহস্পতিবার পর্যন্ত এ বিচার কার্যক্রম চলবে এবং তারপর ইরাকে নির্বাচন মক্কায় হজযাত্রীদের বিষয় বিবেচনা করে মধ্য জানুয়ারি পর্যন্ত বিচার কার্যক্রম মুলতবি করা হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার ১৯৮২ সালে সাদ্দামের নির্যাতনের শিকার দুজাইল গ্রামের একটি পরিবারের শুনানি অনুষ্ঠিত হয়।
বুধবার আদালত চলাকালে সাদ্দাম হোসেন সাক্ষী প্রত্যক্ষদর্শী আলী মোহাম্মদ হোসেন আল হায়দারীকে থামিয়ে দিয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেন এবং এর পরপরই সাবেক ইরাকি নেতা শান্ত হয়ে বসে পড়েন এবং নোট নেওয়া শুরু করেন।
আদালতে উপস্থিত সাক্ষী তখন তার ভাইদের সাদ্দামের সৈন্যরা কীভাবে গুলি করে মেরেছে সে বিবরণ দিচ্ছিল। বিবরণ দিচ্ছিল তাকে ও তার পরিবারকে কীভাবে বাথপার্টির প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। প্রত্যক্ষদর্শী আল হায়দারীর বয়স তখন মাত্র ১৪ বছর।
আদালতে পর্দার আড়াল থেকেও কয়েকজন সে বিবরণ প্রদান করে। তবে সাদ্দামের থেকে মাত্র কয়েক গজের ব্যবধানে দাঁড়িয়ে প্রকাশ্যে বিবরণ প্রদান করেন প্রত্যক্ষদর্শী আলী হায়দার।
আদালতে সাদ্দাম হোসেন যতদূর সম্ভব নিজের কঠোর মনোভাবে অটল রয়েছেন। তিনি যে আর ইরাকের প্রেসিডেন্ট নন তাও তিনি স্বীকার করেননি এবং নিজের সুচিকিৎসার দাবি জানিয়েছেন মার্কিন কারা কর্তৃপক্ষের কাছে।
