মাদ্রাজের ত্রাণ কেন্দ্রে পদদলিত হয়ে ৪২ জনের মৃত্যু
ভারতের দক্ষিণাঞ্চলীয় মাদ্রাজ (চেন্নাই) রাজ্যের এক ত্রাণ কেন্দ্রে রোববার সকালে পদদলিত হয়ে কমপক্ষে ৪২ জন নিহত ও কমপক্ষে ৩৭ জন আহত হয়েছে।
বন্যা-দূর্গতদের সাহায্যার্থে মাদ্রাজের (চেন্নাই) কে কে নগর এলাকার একটি স্কুলে স্থাপিত ত্রাণ কেন্দ্রে আশ্রিত হাজার হাজার লোক রোববার খাবারের কুপন সংগ্রহের জন্য সমবেত হলে এ প্রাণহানির ঘটনা ঘটে।
রোববার ভোরে এ হতাহতের ঘটনাটি ঘটে।
নভেম্বরে মাদ্রাজের একটি ত্রাণ কেন্দ্রে এরূপ ঘটনায় ছয় মহিলা নিহত ও বহু আহত হয়েছিল।
এক পুলিশ কর্মকর্তা জানান, রোববারই শেষবারের মত ত্রাণ দেয়া হবে এমন একটি গুজবের প্রেক্ষিতে মাদ্রাজের একটি ত্রাণ সরবরাহ কেন্দ্রের সামনে শনিবার রাতে কমপক্ষে চার হাজার লোক ত্রাণের কুপন সংগ্রহ করতে সমবেত হয়।
রোববার সকালে আশ্রিতদের মধ্যে কয়েকজন গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে ভীড় প্রতিরোধ করা সেখানকার সরকারি কর্মকর্তাদের জন্য কঠিন হয়ে পড়ে।
এ বিষয়ে মাদ্রাজ পুলিশ কমিশনার আর নটরাজ সাংবাদিকদের বলেন, সেখানে অতি বৃষ্টির কারণে লোকজন দৌড়াদৌড়ি করে ত্রাণ কেন্দ্রের প্রধান দরজা ভেঙ্গে ভিতরে আশ্রয় নেয়ার চেষ্টা করলে এ পদদলনের ঘটনা ঘটে।
নিহত ৪২ জনের মধ্যে ১৫ জন হচ্ছে মহিলা। আহতদেরকে সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পদদলনের ঘটনায় নিহতের পরিবারের জন্য এক লাখ রুপি ও আহতদের জন্য ১৫,০০০ রুপি প্রদানের কথা রাজ্য সরকার ইতোমধ্যে ঘোষণা করেছে বলে সরকারি সূত্রে জানা গেছে।
