সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ ভূমিকম্প দূর্গতদের জন্য জাতিসংঘের বিশেষ দূত নিযুক্ত
জাতিসংঘ মহাসচিব কফি আনান বৃহস্পতিবার পাকিস্তান ও ভারতের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে জাতিসংঘ উদ্যোগের অংশ হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়রকে বিশেষ দূত হিসেবে মনোনয়ন দিয়েছেন।
জাতিসংঘ মহাসচিব গত ১৫ ডিসেম্বর অপরাহ্নে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের পিতা ও সাবেক প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশ ওরফে সিনিয়র বুশকে তার নতুন দায়িত্বের পরিচয় করিয়ে দেন।
জাতিসংঘের একজন মুখপাত্র জানান, মানব কল্যাণে জাতিসংঘের পুনর্বাসন, পুনর্গঠন ও ঝুঁকি হ্রাসে মধ্যম মেয়াদী ও দীর্ঘ মেয়াদী ব্যবস্থা গ্রহণে বিশ্ব জুড়ে রাজনৈতিক সদিচ্ছা তৈরিতে বিশ্ব সংস্থাটির উদ্যোগে বুশ নেতৃত্ব দেবেন।
গত ৮ অক্টোবরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে পাকিস্তান ও ভারতে ব্যাপক ধ্বংসলীলার পাশাপাশি দুই দেশে যথাক্রমে ৭৩ হাজার ও ১৩০০ মানুষের মৃত্যু ঘটে। এছাড়া শুধু পাকিস্তানেই আরও ৬৯ হাজার মানুষ আহত হয়।
