২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইএ’কে অপহরণে সহায়তা করার কথা অস্বীকার করেছে জার্মানি

জার্মানি তার এক নাগরিককে অপহরণ করতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’কে সহায়তা করেছে বলে যে অভিযোগ উঠেছে, জার্মান সরকার তা অস্বীকার করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 01:09 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

খালেদ আল-মাশরি বলেছেন, ২০০৩ সালে মেসিডোনিয়ায় ছুটি কাটানোর সময় তাকে গ্রেপ্তার করে আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচ মাসের আটকাবস্থায় তাকে নির্যাতন করা হয়েছে বলে মাশরি জানান।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রী ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমেইয়ার বলেন, আফগানিস্তান থেকে মুক্তি পাওয়ার পর মাশরি তাদের সাথে যোগাযোগ করলে কর্তৃপক্ষ তার সম্পর্কে জানতে পারে।

সিআইএ সন্দেহভাজন সন্ত্রাসীদের আটক রাখতে ও জিজ্ঞাসাবাদ করতে বিদেশের মাটিতে গোপন বন্দিশিবির পরিচালনা করছে এবং ইউরোপের বিভিন্ন বিমান বন্দর ব্যবহার করে তাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে গণমাধ্যমে অভিযোগ উত্থাপিত হওয়ার পর থেকেই ওয়াশিংটন বেশ চাপের মধ্যে রয়েছে।

বেআইনীভাবে আটকে রাখা নির্যাতন করার অভিযোগ মাশরি সিআইএ’র বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রী স্টেইনমেইয়ার পার্লামেন্টে বলেন, মাশরিকে আটক করতে জার্মানি সিআইএ’কে তথ্য দিয়ে সহায়তা করেছে বলে প্রতিবেদনে যে দাবি করা হয়েছে, সে প্রতিবেদনের কারণে তিনি বিষণœ।

তিনি বলেন, বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। জার্মান সরকার ও নিরাপত্তা সংস্থা অপহরণ করতে কোন সহায়তা করেনি।

তিনি বলেন, ২০০৪ সালের জুনে মাশরির বিষয়টি জানার পর জার্মান সরকার তার কৌসুলিদের সতর্ক করে দিয়েছিল এবং সরকার এ ব্যাপারে তথ্য প্রদান করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বারবার আহ্বান জানিয়েছে।