ভারত, পাকিস্তান, আফগানিস্তানে বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চল, ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মির এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
ইউএসজিএস জানায়, রিখটার স্কেলে ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্পটি মঙ্গলবার ভোরে পাকিস্তান সীমান্তের কাছে হিন্দু কুশ পার্বত্য এলাকায় আঘাত হানে।
স্থানীয় সময় ০৩১৭টায় ভূমিকম্পটি অনুভূত হয়।
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের অধিবাসীরা ভূমিকম্পে কারণে ভয় পেয়ে এলাকা ত্যাগ করেছে।
পাকিস্তানের মতে, অক্টোবরে আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরবাদে ভূমিকম্পে ৭৩ হাজারের বেশি লোক নিহত হয় এবং ত্রিশ লাখ লোক গৃহহীন হয়।
ভারতের রাজধানী নয়াদিল্লি ও ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।
অবশ্য ইউএসজিএস’র কর্মকর্তা ডন ব্লেকম্যান সাংবাদিকদের জানিয়েছেন, ভূমিকম্প যত গভীর হয়, ক্ষয়ক্ষতির পরিমান ততই কম হয়। এই ভূমিকম্পটি খুব বেশি ক্ষয়ক্ষতি করবে না বলে আমার মনে হচ্ছে। অবশ্য ক্ষয়ক্ষতি হওয়াটাও সম্ভব।
পাকিস্তানের মুজাফফরাবাদ, বালাকোটেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
ভূপৃষ্ঠের ২৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি সৃষ্টি হয় বলে ইউএসজিএস জানায়।
