বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠক হংকংয়ে শুরু হচ্ছে
নিুমাত্রার প্রত্যাশা, প্রতিবাদকারীদের ব্যাপক বিক্ষোভের হুমকি এবং সদস্য দেশগুলোর আপোসহীন মনোভাবের দাবির মধ্য দিয়েই মঙ্গলবার হংকংয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বৈঠক শুরু হচ্ছে।
বৈঠকে ধনী দেশগুলোর বাজারে পৃথিবীর গরীব দেশগুলোকে বৃহত্তর প্রবেশাধিকার দিতে ডব্লিউটিও’র সদস্য দেশগুলো একটি চুক্তিতে পৌঁছাতে সমর্থ হবেন বলে আশা করা হচ্ছে।
তবে কৃষিখাত সহ অন্যান্য ক্ষেত্রে কতটুকু সংস্কার আনা হবে তা নিয়ে এখনই ধনী দেশগুলোর মধ্যে বাদানুবাদ শুরু হয়ে গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে পুরো সংস্কার আনতে আগ্রহী, ইউরোপীয় ইউনিয়ন তা মানতে আগ্রহী নয়।
ডব্লিউটিও ২০০১ সালে দোহা উন্নয়ন রাউন্ড নিয়ে আলোচনা শুরু করার পর থেকে বাণিজ্য নিয়ে সংলাপ ও যুক্তিতর্ক চলে আসছে।
ছয়দিনের এই বৈঠকে কৃষি ছাড়াও বাজার ও শিল্প বাজার উন্মুক্ত করে দেয়ার ব্যাপারে চুক্তি হবে বলে আশা করা হচ্ছে।
শস্য পণ্য বিশেষ করে তুলা উৎপাদনের জন্য কৃষকদের ধনীদেশগুলো কি পরিমাণ অর্থ প্রদান করবেন তা নিয়েও সমস্যা হতে পারে।
অবশ্য গরীব দেশগুলো এসব ক্ষেত্রে ভর্তূকি এবং ধনীদেশগুলোর কাছে পণ্য বিক্রি করার সময় নির্ধারিত শুল্ক প্রত্যাহার করে নেয়ার কথা বলছে।
মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান পদ্ধতি পরিবর্তনে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিলেও ইউরোপীয় ইউনিয়ন তা মানতে নারাজ। ইইউ গরীব দেশগুলোর কাছ থেকেও ছাড় চায়।
নতুন কোন সংস্কার প্রস্তাব বৈঠকে উত্থাপিত হলে ফ্রান্স তার বিরুদ্ধে ভেটো দেয়ার হুমকি দিয়েছে। ইইউ বাণিজ্য কমিশনার পিটার ম্যানডেলসনও বলেছেন, হংকংয়ে তিনি নতুন কোন সংস্কার প্রস্তাব উত্থাপন করবেন না।
বৈঠকে ১৪৯টি সদস্য দেশ অংশগ্রহণ করবে।
প্রায় ১০,০০০ প্রতিবাদকারী হংকংয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করবেন বলে জানা গেছে।
ইতোমধ্যে সোমবার কয়েক হাজার লোক বিক্ষোভ প্রদর্শন করেছেন। অবশ্য বিক্ষোভ প্রদর্শনকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
