ইরাক থেকে সেনার সংখ্যা কমিয়ে আনার চিন্তাভাবনা করছে ওয়াশিংটন
ইরাকের চলতি ডিসেম্বর মাসের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর মার্কিন সামরিক বাহিনী সেখান থেকে সেনা সংখ্যা হ্রাস করতে পারে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পেন্টাগনের এক কর্মকর্তা বৃহস্পতিবার জানান, ইরাকের পার্লামেন্ট নির্বাচনের পর সেখানে মোতায়েনকৃত ২৩,০০০ সেনা দেশে ফিরিয়ে আনার ব্যাপারে অনেক দিন ধরেই চিন্তাভাবনা চলছে। তাদেরকে আরও আগে দেশে ফিরে আসার কথা ছিল। কিন্তু ১৫ ডিসেম্বরের নির্বাচনের আগে ইরাকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সেনাদের সেখানে থাকার মেয়াদ বৃদ্ধি করা হয়।
তিনি জানান, ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ প্রদানকারী মার্কিন সামরিক ইউনিটের সংখ্যা হ্রাস করা হতে পারে। তবে সেনা প্রত্যাহারের বিষয়ে কোন সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।
ইরাকে বর্তমানে ১৬০,০০০ মার্কিন সেনা অবস্থান করছে।
ছয় মাসের মধ্যে ইরাক থেকে সেনা প্রত্যাহার করতে মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা দাবি জানানোর পর থেকেই সেখান থেকে সেনা সংখ্যা কমিয়ে আনা নিয়ে আলোচনা শুরু হয়।
অবশ্য বুধবার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে ইরাকের পুনর্গঠন প্রক্রিয়া এগিয়ে যায়নি।
তবে পুরোপুরি বিজয় অর্জিত না হওয়ার পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক ত্যাগ করবে না বলে প্রেসিডেন্ট বুশ দৃঢ়তার সাথে জানিয়েছেন।
