ইসরাইলকে ইউরোপে সরিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট
ইরানের ডানপন্থি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ইসরাইলকে ইউরোপে সরিয়ে নিয়ে যাওয়া উচিত।
ইরানীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের হত্যা করার কথা ইউরোপীয় দেশগুলো যখন স্বীকার করে, তখন তারা ইহুদি রাষ্ট্রকে ইউরোপে একখন্ড ভূমি দেয়নি কেন?
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জার্মানি ও অস্ট্রিয়া তাদেরকে দুই কিংবা তিনটি প্রদেশ প্রদান করতে পারে। এর মাধ্যমে ইস্যুটির সমাধান হয়ে যাবে।
ইসরাইল, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স ইরানের প্রেসিডেন্টের এ ধরনের মন্তব্যের নিন্দা জানিয়েছে।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক রিগেভ বলেন, তিনি (প্রেসিডেন্ট আহমাদিনেজাদ) শুধু ইসরাইলের জন্য সমস্যা নন, তিনি পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের বিষয়।
হোয়াইট হাউজের মুখপাত্র স্কট ম্যাকলিলান বলেন, ইরানের.প্রেসিডেন্টের মন্তব্য দেশটি সম্পর্কে আমাদের উদ্বেগকে আরও ত্বরান্বিত করবে।
অস্ট্রিয়ার চ্যান্সেলর উল্ফগ্যাং স্কুসেল আহমাদিনেজাদের মন্তব্যকে ভয়ানক বেফাঁস মন্তব্য বলে আখ্যায়িত করেছেন।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী জ্যাক স্ট্র ইরানের প্রেসিডেন্টের মন্তব্যের প্রতি নিন্দা জ্ঞাপন করেছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল মি. আহমাদিনেজাদের অবস্থানের ব্যাপারে নিন্দা জ্ঞাপন করেছেন।
এর আগে অক্টোবরেও মি. আহমাদিনেজাদ ইসরাইল সম্পর্কে মন্তব্য করে আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ইসরাইলকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।
