বুশ ব্লেয়ার মিথ্যাচার করেছেন : হ্যারল্ড পিন্টার
সাহিত্যে নোবেল বিজয়ী ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টার বলেছেন, সাদ্দাম হোসেনের কাছে ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র থাকার অভিযোগ এনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকে আগ্রাসন পরিচালনার পক্ষে যে যুক্তি দেখিয়েছিল, তা সত্য ছিল না।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের জন্য হাজির করার জন্য হ্যারল্ড পিন্টার আহ্বান জানান।
তিনি বলেন, বুশ খুব চালাক প্রকৃতির লোক। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্বীকৃতি দেননি।
দ্য বার্থ ডে পার্টি ও বিট্রেয়াল নাটকের রচয়িতা পিন্টার চলতি বছরের সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন। নোবেল বিজয়ের জন্য তিনি ৭৪০,০০০ পাউন্ড অর্থ পুরস্কার পাবেন।
শিল্পকলা, সত্য ও রাজনীতির উপর লেকচার দিতে গিয়ে বুধবার পিন্টার বলেন, জনগণ অন্ধকারে থাকুক এটা রাজনীতিবিদরা সবসময় কামনা করেন, যেন তারা সত্য সম্পর্কে অজ্ঞ থাকেন, এমনকি তারা তাদের জীবনের সত্য দিকটা সম্পর্কেও না জানেন।
পিন্টার বলেন, সত্য পুরোপুরি আলাদা একটি বিষয়।
তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মার্কিন সরকার সামরিক একনায়কতন্ত্রের প্রতি সমর্থন জানিয়েছে এবং অনেক ক্ষেত্রে সামরিক একনায়কতন্ত্রের জন্ম দিয়েছে।
তিনি বলেন, এক্ষেত্রে আমি ইন্দোনেশিয়া, গ্রীস, উরুগুয়ে, ব্রাজিল, প্যারাগুয়ে, হাইতি, তুরস্ক, ফিলিপাইন, গুয়াতেমালা, এলসালভাদর এবং চিলির কথা উল্লেখ করতে পারি।
বিশ্বের কল্যাণের জন্য একটি শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করছে-এমন প্রচারণা চালানোর পাশাপাশি তারা অনেক দেশেই ক্ষমতার অপব্যবহার করেছে বলে পিন্টার মন্তব্য করেন।
মার্কিন-নেতৃত্বাধীন ইরাক আগ্রাসনের প্রতি ব্লেয়ারের সমর্থন দেয়ার বিষয়টি পিন্টার করুণ ও মানসিকভাবে অনৈতিক বলে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন, মার্কিন সরকারের কার্যকলাপের কারণে হাজার হাজার মার্কিন জনগণ পীড়িত, লজ্জিত ও ক্ষুব্ধ।
