রোমানিয়ার সাথে সামরিক ঘাঁটি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করলেন রাইস
ইউরোপ সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ড. কন্ডোলিৎসা রাইস রোমানিয়ার সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্র ব্যবহার করতে পারবে-- এ মর্মে দেশটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন।
পূর্ব ইউরোপের সাবেক সমাজতান্ত্রিক রাষ্ট্র রোমানিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের চুক্তি সম্পাদনের ঘটনা এই প্রথম।
জার্মানি সফর শেষে ড. রাইস এখন রোমানিয়ায় অবস্থান করছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে নিয়ে গোপন ফ্লাইট পরিচালনা, সন্দেহভাজন সন্ত্রাসীদের বিদেশের মাটিতে আটকে রেখে জিজ্ঞাসাবাদ, নির্যাতন ইত্যাদি বিষয়ে ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিতর্কের পটভূমিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ইউরোপ সফর করছেন।
পররাষ্ট্র মন্ত্রী রাইস জোর দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোনও ধরনের নির্যাতন করে না অথবা বরদাস্ত করে না। অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে সিআইএ’র কথিত বন্দিশিবির সম্পর্কে তিনি কোনও মন্তব্য করেননি।
সিআইএ’র তৃতীয় দেশে গোপনে সন্দেহভাজন সন্ত্রাসীদের হস্তান্তর করার কথা ড. রাইস দৃঢ়ভাবে সমর্থন করেছেন। সিআইএ এ ধরনের তৎপরতা অনেক ধরেই চালিয়ে আসছে বলে তিনি জানান।
আন্তর্জাতিক আইনকে ফাঁকি দিয়ে পূর্ব ইউরোপে সিআইএ গোপনে বন্দিশিবির পরিচালনা করছে-- এ অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে বিতর্ক জোরালো হয়েছে।
