ইসরাইলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫
ইসরাইলের উপকূলীয় শহর নেতানিয়ায় সোমবার আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত ও ৪০ জন লোক আহত হয়েছে। ইসরাইলের জরুরি সার্ভিস এ খবর জানিয়েছে।
নেতানিয়ার শ্যারন বিপণন কেন্দ্রে স্থানীয় সময় সোমবার ১১৩০টায় (গ্রিনিচ মান সময় ০৯৩০টায়) ওই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এ হামলায় ৪০ জনেরও মত আহত হয়েছে।
আত্মঘাতী হামলাকারী শ্যারন বিপণন কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা তাকে প্রবেশে বাধা দেয়। পরবর্তীকালে ওই হামলাকারী গেটের বাইরে বোমাটির বিস্ফোরণ ঘটায়।
দ্য ইসলামিক জিহাদ ও আল-আকসা মার্টায়ার্স ব্রিগেড নামের দু’টি ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামলার দায়িত্ব স্বীকার করেছে।
ইসলামিক জিহাদ আত্মঘাতী হামলাকারী হিসেবে পশ্চিম তীরের জেনিন ও তুলকারেমের মধ্যবর্তী একটি গ্রামের অধিবাসী লুফতি আমিন আবু সালেমের নাম উল্লেখ করেছে।
ফিলিস্তিনি জঙ্গিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইলি সেনাবাহিনী গাজায় রকেট নিক্ষেপ করার পর এ বোমা হামলার ঘটনা ঘটলো।
