২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে অ-ইরাকি আরবদের প্রবেশ নিষিদ্ধ

ইরাক সরকার চলতি ডিসেম্বর মাসের ১৫ তারিখের পার্লামেন্ট নির্বাচনের আগে দেশটিতে অ-ইরাকি আরবদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 10:03 AM

Updated : 26 Apr 2022, 06:21 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

কবে নাগাদ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হবে সে ব্যাপারে কোন তারিখ এখনও ঠিক করা হয়নি।

মার্কিন ও ইরাকি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, নির্বাচনের সময় দেশটিকে বিদ্রোহী তৎপরতা বৃদ্ধি পাবে বলে আশংকা করা হচ্ছে।

২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনী ইরাকে আগ্রাসন চালানোর পর থেকে দেশটিতে বিদ্রোহী হামলা শুরু হয় এবং এই বিদ্রোহী হামলার পিছনে অ-ইরাকি আরবরা মূখ্য ভূমিকা পালণ করছে বলে অভিযোগ উঠেছে।

জর্ডানের রাজধানী আম্মানের বিমান বন্দর কর্মকর্তারা বৃহস্পতিবার বলেছেন, রয়াল জর্ডানিয়ান ফ্লাইটে করে বাগদাদে অ-ইরাকি আরবরা ইরাকে যেতে চাইলে তাদেরকে বাধা দেয়া হয়।

রয়াল জর্ডানিয়ান ও ইরাকি এয়ারওয়েজ কেবল ইরাকে নিয়মিত যাত্রীবাহী বিমান ফ্লাইট পরিচালনা করে থাকে।

বিমান বাগদাদে অবতরণ ও বাগদাদ ত্যাগ করতে চাইলে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর অনুমতি নিতে হয়।

জানুয়ারির সাধারণ নির্বাচন ও অক্টোবরের খসড়া সংবিধান অনুমোদনের নির্বাচনে ইরাক তাদের আকাশ পথ ও সীমান্ত বন্ধ করে দিয়েছিল।