ভারতীয় বংশোদ্ভুত বিদেশীদের নাগরিকত্ব প্রদান করবে ভারত সরকার
ভারতীয় বংশোদ্ভুত বিদেশী নাগরিকদের নাগরিকত্ব প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ফলে এসব প্রবাসীরা এখন থেকে পুঁজি বিনিয়োগের পাশাপাশি ভারতে জমি জমা বা সম্পত্তির মালিক হতে পারবেন।
ভারতীয় সংবিধানে দ্বৈত নাগরিকত্বের বিধান নেই। কিন্তু বিশ্বেজুড়ে ভারতীয়দের অবদানের কথা মাথায় রেখে সরকার তাদের নাগরিকত্ব দেবার ঘোষণা করেছে।
নতুন এ নিয়মে একজন ভারতীয় অভিবাসী পূর্ণ নাগরিক সুবিধা পাবেন। তবে ভারতীয় নাগরিকদের মত এরা ভোট দিতে পারবেন না অথবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে পারবেন না। তবে তারা কৃষিজমি ছাড়া অন্য যে কোনো জমি-জমা বা সম্পত্তির মালিকানা পাবেন এবং বিনিয়োগও করতে পারবেন।
মৌরিতানিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রাজীব সাহারে এক সংবাদ সম্মেলনে বলেন, মৌরিতানিয়ায় ভারতীয় বংশোদ্ভূত অনেক লোক রয়েছে যারা ভারতে বিনিয়োগ করতে চান কিন্তু সাংবিধানিক জটিলতার কারণে তারা তা করতে পারছেন না। তিনি আরো বলেন, এ আইনের ফলে তাদের জন্য ভারতে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টি হলো।
উল্লেখ্য, মৌরিতানিয়ায় মোট জনসংখ্যার ৭০ শতাংশই ভারতীয় বংশোদ্ভুত। ঊনিশ শতকের ব্রিটিশ শাসনামলে এদের পূর্বপুরুষেরা মৌরিতানিয়ায় চিনিকলে কাজ করার চুক্তিতে ভারত থেকে এসেছিল।
তবে ,অধিকাংশ মৌরিতানীয় এই নতুন দ্বৈত নাগরিকত্ব নীতির আওতায় আসতে পারবেন না। ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি ভারত প্রজাতন্ত্র গঠিত হবার পর যারা দেশটির বাইরে চলে গিয়েছিলেন শুধুমাত্র তাদের বংশধরেরাই এ দ্বৈত নাগরিকতের¡ সুবিধা পাবেন।
এই নীতি ইউরোপ ও আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের জন্য বিশেষ সহায়ক হবে বলে মনে করছে ভারত সরকার। ষাটের দশকে আমেরিকা,ইউরোপে পাড়ি জমানো ভারতীয়রা এ নীতির ফলে আজীবন ভারতীয় ভিসা ব্যবহার করতে পারবেন। সেইসাথে পাবেন সম্পত্তির মালিকানা সহ চাকুরি ও লেখা পড়ার ক্ষেত্রে সকল প্রকার সুবিধা।
