অবৈধ অনুপ্রবেশকারীদের ব্যাপারে মরক্কোর কাছে ইতালির অভিযোগ
অবৈধভাবে ইতালিতে অনুপ্রবেশকারীদের মধ্যে মরক্কো ও আফ্রিকান নাগরিকের সংখ্যা গত কয়েক মাসে ব্যাপক হারে বেড়ে যাওয়ায় এ ব্যাপারে মরক্কোর কাছে ইতালি অভিযোগ করেছে।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগ জানানোর জন্য ইতালিতে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূতকে শনিবার ডেকে পাঠিয়েছে।
আফ্রিকার সাথে স্পেনের সীমান্ত কিউটা ও মেলিল্লায় ধারালো তারের দেয়াল দেবার পরও ইতালিতে অবৈধ প্রবেশকারীর সংখ্যা বাড়ছে বলে পুলিশ মনে করছে।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রবেশের জন্য আগে যারা স্পেনে যেত এখন আর তা পারছে না। ফলে অবৈধ প্রবেশকারীরা আলজেরিয়া ও লিবিয়া হয়ে নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করছে বলে ইতালিয় পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী গিওসিপ্পি পিসানু রোমে মন্ত্রিসভার এক বৈঠকে জানান গত ২ মাস ধরে অবৈধভাবে প্রবেশ করতে চেষ্টা করছে তাদের এক-তৃতীয়াংশই মরক্কোর অধিবাসী।
ইতালিয় পুলিশ ও বিভিন্ন দাতা সংস্থা জানিয়েছে প্রতিবছর এক থেকে আড়াই লক্ষ মানুষ ইতালিতে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করে।
