২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-ভারত কনসুলেটের কাজ শুরু বিলম্ব হতে পারে

চলতি বছরের শেষের দিকে মুম্বাই ও করাচিতে পাকিস্তান ও ভারতের কনসুলেটের কাজ শুরু হওয়ার কথা থাকলেও কাজ শুরু করতে বিলম্ব হতে পারে বলে পাকিস্তান জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 12:53 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তসলিম আসলাম জানান, মুম্বাইয়ে কনসুলেট ভবন স্থাপনের জন্য উপযুক্ত জায়গা খুঁজে পেতে ইসলামাবাদ এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে নব্বইয়ের দশকের মাঝামাঝিতে দুই দেশের কনসুলেট বন্ধ করে দেয়া হয়।

কনসুলেট বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ইসলামাবাদ ও দিল্লিতে অবস্থিত দুই দেশের দূতাবাস ভিসার আবেদন ও অন্যান্য বিষয়াদির তদারকি করছে।

মুখপাত্র আসলাম বলেন, ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজ্য সরকার তাদেরকে বেশ কয়েকটি জায়গার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের কর্মকর্তারাও তাদের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।

আগামী বছরের শুরুর দিকে মুম্বাই ও করাচিতে দুই দেশের কনসুলেটের কাজ শুরু হতে পারে বলে মুখপাত্র আসলাম জানান।

চলতি বছরের এপ্রিলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফ এক যৌথ বিবৃতিতে চলতি বছরের শেষের দিকে কনসুলেটের কাজ শুরু করার ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন।

সম্প্রতি দিল্লি বলেছে, ২০০৬ সালের ১ জানুয়ারি থেকে ভারত করাচিতে তার কনসুলেটে কাজ শুরু করতে পারে।