সাদ্দামের বিচার পুনরায় শুরু হচ্ছে
ছয় সপ্তাহের বিরতির পর হত্যা ও ও নির্যাতনের অভিযোগ অভিযুক্ত ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ও তার সাত সহযোগীর বিচার প্রক্রিয়া বাগদাদে শুরু হতে যাচ্ছে।
দুই আইনজীবীর হত্যাকাণ্ড ও সাক্ষীসহ অন্যান্যরা মৃত্যুর হুমকি পাওয়ার পর রাজধানী বাগদাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে সাবেক মার্কিন এটর্নি জেনারেল রামসি ক্লার্ক (৭৭) সাদ্দাম হোসেন মামলার বিবাদী পক্ষে যোগ দেবেন বলে জানা গেছে। সাদ্দামের অধিকার প্রতিষ্ঠার জন্য জর্ডানের রাজধানী আম্মান থেকে ক্লার্ক বাগদাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
১৯৮২ সালে ইরাকের শিয়া অধ্যুষিত দুজাইল এলাকায় গণহত্যার অভিযোগে অভিযুক্তদের বিচার হচ্ছে।
মামলার বিবরণে জানা যায়, তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বাগদাদের ৬০ কিলোমিটার উত্তরের শহরটিতে অভিযান চালিয়ে কমপক্ষে ১৪৩ জনকে হত্যা করে।
সাদ্দামের বিরুদ্ধে আনা মানবাধিকার লংঘনের অভিযোগটি প্রমাণিত হলে তার বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হতে পারে।
শেষবার শুনানির সময় সাদ্দাম হোসেন বিচারকদের কর্তৃত্ব মানতে অস্বীকৃতি জানান। অবশ্য পরে বিচারকদের কাছেই তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
মামলার জন্য নিজেদের আরও প্রস্তুত করতে সাদ্দামের আইনজীবীরা মামলাটি মুলতবির আবেদন জানাবেন বলে জানা গেছে।
বাগদাদে নিরাপত্তা সমস্যার কারণে আদালত মামলাটি ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলে প্রেরণ করার চিন্তাভাবনা করছেন বলে প্রধান বিচারক রিজগার মোহাম্মদ আমিন জানিয়েছেন।
দুই আইনজীবীকে হত্যার প্রতিবাদে সাদ্দামের আইনজীবীরা সোমবার আদালত বর্জন করবেন বলেও হুমকি দিয়েছিলেন। অবশ্য পরবর্তীকালে অজ্ঞাত কারণে তারা আদালত বর্জনের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন।
বাগদাদে নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে বিশেষভাবে নির্মিত কক্ষে সাদ্দামের বিচার চলছে।
নিরাপত্তার খাতিরে পাঁচ বিচারকের মধ্যে চারজনের নাম, পরিচয় গোপন রাখা হয়েছে। ৩৫ সাক্ষীদের কয়েকজনের নিরপত্তা নিশ্চিত করতেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।
