২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কফি প্রেমী নারীদের জন্য সুখবর: কফি নয়, কোলা নারীদের রক্তচাপ বৃদ্ধি করে

কফি প্রেমী নারীদের জন্য সুখবর: কফি পান দীর্ঘমেয়াদি উচ্চরক্তচাপ সৃষ্টি করে না। কিন্তু ‘কোলা’ জাতীয় পানীয় পান করলে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয় এর প্রমাণ মিলেছে একটি জরিপে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 11:20 AM

Updated : 26 Apr 2022, 06:20 PM

কফি ও কোলা এ দুটি পানীয়তেই রয়েছে ক্যাফেইন। ক্যাফেইন স্বল্পস্থায়ী রক্তচাপ বৃদ্ধি করে। দীর্ঘ ১২ বছরের এক গবেষণাতে দেখা গেছে, নিয়মিত কফি পানকারীদের চেয়ে যারা কফি পান থেকে বিরত থাকেন, তাদের রক্তচাপ বেশি হওয়ার সম্ভাবনা বেশি।

জরিপটির প্রধান ও বোস্টনের ব্রিগহ্যাম ও ওমেন্স হাসপাতালের গবেষক ড. উল্ফগ্যাং উইংকেলমেয়ার জানান, কফি পান রক্তচাপ বৃদ্ধি করে এমন প্রচলিত ধারনার বিপক্ষে আমরা শক্তিশালী প্রমাণ পেয়েছি।

যারা প্রতিদিন চার কাপ অথবা তার বেশি কফি পান করেন, তাদের চেয়ে যারা কম পান করেন বা একেবারেই পান করেন না, তাদের উচ্চ রক্তচাপ বৃদ্ধির ঝুঁকি বেশি থাকে।

ড. উইংকেলমেয়ার বলেন, কফিতে এন্টিঅক্সিডেন্ট নামের এক প্রকার উপাদানের কারণে এটি হতে পারে। উপাদানটি হৃদপিণ্ড রক্ষা করে এবং ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে।

কোলাপানকারীদের রক্তচাপ বৃদ্ধির ঘটনাকে ড. উইংকেলমেয়ার উদ্বেগজনক বলে আখ্যায়িতক করেছেন। তবে কোলাতে ব্যবহৃত সোডা কিভাবে উচ্চ রক্তচাপ বৃদ্ধি করে তা এখনও পরিষ্কার নয়।

সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত গবেষণাটির ফলাফল সংক্রান্ত প্রতিবেদনটি জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে প্রকাশিত হয়।

কফি পানের সাথে সম্পর্কিত সম্প্রতি বেশ কয়েকটি গবেষণাতেও কফি পানের উপকারী দিক সম্পর্কে জানা যায়। এতে বলা হয়েছে, এন্টিঅক্সিডেন্ট খাদ্য উপাদানের সবচেয়ে বড় উৎস হচ্ছে কফি। এই এন্টিঅক্সিডেন্ট পুরুষের ডায়াবেটিসের ঝুঁকি কমায়। জাপানি এক গবেষণাতেও দেখা গেছে, কফি লিভার ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে।

১৫৫,৫৯৪ জন নার্সের ওপর গবেষণাটি চালানো হয়। তাদের গড় বয়স ৫৫ বছর। ১২ বছর ধরে তাদের ডায়েট ও স্বাস্থ্য সম্পর্কে জরিপ চালিয়ে গবেষণাটি করা হয়। গবেষণা শেষে দেখা গেছে, গবেষণায় অংশগ্রহণকারীদের ৩৩,০০০ জন উচ্চ রক্তচাপে ভোগেন।

আর যারা একদমই কফি পান করে না তাদের তুলনায় যারা প্রতিদিন তিন কাপেরও বেশি কফি পান করে তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি সাত থেকে ১২ শতাংশ কম।

যারা একদমই কোলা পান করেন না তাদের তুলনায় যারা প্রতিদিন কমপক্ষে চার ক্যান কোলা পান করেন তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি ২৮ থেকে ৪৪ শতাংশ বেশি।