ইরাকের বর্তমান পরিস্থিতি সাদ্দাম শাসনামলকেও হার মানিয়েছে: ইয়াদ আলাউয়ি
ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ইয়াদ আলাউয়ি বলেছেন, ইরাকের মানবাধিকার লঙ্ঘন সাদ্দাম হোসেনের শাসনামলকেও হার মানিয়েছে। ব্রিটেনের দ্যা অবজারভার পত্রিকার সাথে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আলাউয়ি বলেন, পুলিশ গোপনে ইরাকিদের ওপর নির্যাতন চালাচ্ছে, খুন করছে।
রোগের মত বিস্তার ঘটা এসব কর্মকাণ্ড বন্ধ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
আলাউয়ির এ মন্তব্য আসন্ন পার্লামেন্ট নির্বাচনের একটি এজেন্ডা হিসেবে আসতে পারে।
আলাউয়ি বলেন, সাদ্দাম হোসেনের শাসনামলে মানুষ এভাবে নির্যাতিত হত। এটাই এখন যথার্থ তুলনা। মানুষ এখন সাদ্দাম শাসনামলের ওই দিনগুলো স্মরণ করছে। সাদ্দামের নির্যাতনের বিরুদ্ধেই আমরা লড়েছি। কিন্তু এখনও আমরা একই চিত্র দেখতে পারছি।
তিনি বলেন, এখনই যদি এটা রোধ করতে না পারি তাহলে তা ছোঁয়াছে রোগের মত বিস্তার ঘটবে।
তিনি ইরাকের বর্তমান পরিস্থিতির ব্যাপারেও সতর্ক করে দেন।
আলাউয়ি বলেন, ইরাক এ অঞ্চলের কেন্দ্রেভূমি। যদি সব কিছু ভালভাবে না চলে তাহলে ইউরোপ অথবা যুক্তরাষ্ট্র কেউই নিরাপদ থাকবে না।
সাদ্দাম শাসন অবসানের পর আলাউয়ি দেশটির প্রথম অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু জানুয়ারির নির্বাচনে তিনি বর্তমান প্রধানমন্ত্রী ইব্রাহিম আল-জাফারির কাছে পরাজিত হন।
