ধনী দেশগুলোর প্রতি সুষ্ঠু বাণিজ্যের আহ্বান জানাল কমনওয়েলথ
কমনওয়েলথ নেতারা ধনী দেশগুলোর প্রতি অবাধ ও সুষ্ঠু বাণিজ্যের আহ্বান জানিয়েছেন। তাদের আহ্বান, ‘যতটুকু গ্রহণ কর তারচে’ বেশি প্রদান কর।’
মালটা সম্মেলনে তারা বাণিজ্যের ক্ষেত্রে রাজনৈতিক সাহস ও সদিচ্ছার আহ্বান জানান।
সম্মেলনের শেষ দিনে এক বিবৃতিতে কমনওয়েলথ প্রধান ডন ম্যাককিনন এ আহ্বান জানান।
তবে এ বার্তাটি প্রধানত ইউরোপীয় ইউনিয়কে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ ইইউ- এর চিনি সংস্কারের ফলে ক্ষতিগ্রস্ত কমনওয়েলথ দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানান।
শুক্রবার ক্যারিবিয়ান অঞ্চলের কমনওয়েলথ দেশগুলো ইইউ অনুমোদিত চিনির মূল্য ৩৬ শতাংশ কমানোর বিরুদ্ধে প্রতিবাদ করেন।
কমনওয়েলথ প্রধান ম্যাককিনন বলেন, ইইউ এখন যা বলছে তারা তার থেকে বেশি করতে পারে বলে আশা করা যায়।
সম্মেলনে সকলের দৃষ্টি ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের দিকে। আগামী দিনে তিনিই ইইউ প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, এই বার্তা তিনি কিভাবে নেন সেটাই দেখার বিষয়।
মালটায় তিনি সাংবাদিকদের বলেন, আগামী মাসে হংকং সম্মেলনে যদি আমরা কিছু না করতে পারি তাহলে এই বৈঠক ব্যর্থ হবে এবং তা উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য বিপর্যয় হতে পারে।
সাইপ্রাস ও মালটাও ইইউ সদস্য।
গত তিন দিন ৫৩ সদস্যের কমনওয়েলথ সদস্যরা মালটায় রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার বেশিরভাগ অংশ কাটিয়েছেন।
ম্যাককিনন জানিয়েছেন, পরবর্তী সম্মেলন পরিকল্পনা অনুযায়ী ২০০৭ সালে উগান্ডায় অনুষ্ঠিত হবে।
