টনি ব্লেয়ারের সাথে সাক্ষাত করতে চান আল-জাজিরার জেনারেল ম্যানেজার
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আরব ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল আল--জাজিরায় বোমা হামলার পরিকল্পনা করেছিলেন বলে ব্রিটিশ পত্রিকার দাবি সম্পর্কে ব্রিটিশ সরকারের কাছে ব্যাখ্যা চাইতে আল--জাজিরার জেনারেল ম্যানেজার এখন লন্ডনে অবস্থান করছেন।
দ্য ডেইলি মিরর পত্রিকায় মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, কাতারে আল--জাজিরার সদর দপ্তরে বোমা হামলার ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও মার্কিন প্রেসিডেন্ট বুশ ২০০৪ সালের এপ্রিলে আলোচনা করেছিলেন।
লন্ডনে পৌঁছার পর আল--জাজিরার ম্যানেজিং ডিরেক্টর ওয়াদ্দাহ খানফার সাংবাদিকদের বলেন, গত সপ্তাহ থেকে চলতে থাকা দাবি সম্পর্কে ব্রিটিশ সরকারি কমর্কর্তাদের সাথে কথা বলতে আমি লন্ডনে এসেছি।
তিনি বলেন, বিষয়টি আল--জাজিরা, আরব বিশ্ব ও তার গণমাধ্যমের জন্য বেশ উদ্বেগের।
আল--জাজিরার একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী ব্লেয়ারের সাক্ষাৎকার নিতে শনিবার অনুমতি চেয়ে তাকে একটি চিঠি দেবে বলে খানফার জানান।
এদিকে হোয়াইট হাউজ বলেছে, আল--জাজিরাকে লক্ষ্য করে বুশ বোমা হামলা চালাতে চেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে, তা এতটাই অদ্ভুত যে, তার কোন জবাব দেওয়ার প্রয়োজন নেই।
ডেইলি মিররের কাছে তথ্য ফাঁসের অভিযোগ এনে একজন সরকারি কর্মকর্তা ও একজন পার্লামেন্ট সদস্যের সহকারির বিরুদ্ধে ব্রিটিশ সরকার ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তবে এ ব্যাপারে তারা কোন মন্তব্য করতে রাজি হয়নি।
বিষয়টি প্রকাশ না করার জন্য ব্রিটিশ সরকার ইতোমধ্যে পত্রিকার সম্পাদকদের নির্দেশ দিয়েছে। নির্দেশ না মানা হলে তাদের বিরুদ্ধে অফিস সিক্রেট অ্যাক্টের আওতায় ব্যবস্থা নেয়া হবে এটর্নি জেনারেল সতর্ক করে দিয়েছেন।
এদিকে ব্লেয়ারের একজন মুখপাত্র জানিয়েছেন, টনি ব্লেয়ারের সাক্ষাৎকার নেয়ার ব্যাপারে আল-জাজিরার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন অনুরোধ জানানো হয়নি। তারপরও সরকার আল--জাজিরার সাথে কথা বলতে আগ্রহী বলে তিনি জানান।
ডেইলি মিরর জানায়, ২০০৪ সালের ১৬ এপ্রিল হোয়াইট হাউজে এক বৈঠকে বুশ ব্লেয়ারকে আল--জাজিরা লক্ষ্য করে বোমা হামলা চালানোর কথা বলেছিলেন।
