ফিলিপাইনে সরকারি বাহিনীর হামলায় ১৫ জঙ্গি নিহত
ফিলিপাইনের সরকারি সেনারা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জোলো দ্বীপে অভিযান চালিয়ে আল--কায়েদার সাথে সম্পর্কিত ১৫ জন সন্দেহভাজন ইসলামী জঙ্গিকে হত্যা করেছে। সেনাবাহিনীর একজন জেনারেল শুক্রবার এ খবর জানান।
ব্রিগেডিয়ার জেনারেল নেহিমিয়াস পাজারিতো বলেন, সরকারি সেনারা বৃহস্পতিবার ইন্দানান শহরের কাছে পার্বত্য এলাকায় আবু সায়াফ সংগঠনের একটি গোপন আস্তানায় বিমান হামলা চালায়। এ সময় তারা ইতালিতে নির্মিত এস-২২১ জেট ও মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত ওভি-১০বি বিমান থেকে জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে রকেট ও বোমা নিক্ষেপ করে। বিমান হামলার পরপরই জঙ্গিদের সাথে সরকারি বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হয়।
তিনি বলেন, বিমান হামলায় নয়, বন্দুকযুদ্ধে কমপক্ষে ১৫ জঙ্গি নিহত হয়েছে।
বন্দুকযুদ্ধে ছয় সরকারি সেনা আহত হয়েছে বলে ওই জেনারেল উল্লেখ করেন।
