২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের হামলার পরিকল্পনার বিরুদ্ধে আল--জাজিরার কর্মচারিদের প্রতিবাদ

আরব ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল-জাজিরার কাতারস্থ সদর দপ্তরে মার্কিন হামলা পরিকল্পনার বিরুদ্ধে চ্যানেলটির কর্মকর্তা কর্মচারিরা প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

মার্কিন প্রেসিডেন্ট বুশ আল জাজিরায় হামলা করতে চেয়েছিলেন বলে ব্রিটিশ দৈনিক মিরর একটি প্রতিবেদন প্রকাশ করে।

আল-জাজিরাকে লক্ষ্য করে হামলা ও আল-জাজিরাবিরোধী তৎপরতার অবসানে টেলিভিশন চ্যানেলটির একশ’র মত কর্মচারি দাবি জানিয়েছেন।

তবে ব্রিটেনের সংবাদপত্র দ্য ডেইলি মিররে প্রকাশিত খবরটিকে মার্কিন যুক্তরাষ্ট্র ‘অদ্ভুত’ বলে আখ্যায়িত করেছে।

এদিকে ফাঁস হয়ে যাওয়া প্রেসিডেন্ট বুশের মন্তব্য সংক্রান্ত বিষয়টি না ছাপানোর জন্য ব্রিটিশ কর্তৃপক্ষ সম্পাদকদের নির্দেশ দিয়েছে। নির্দেশ মানা না হলে অফিসিয়াল সিক্রেট্স অ্যাক্টের আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

বুশের হামলা পরিকল্পনার প্রতিবাদে আল-জাজিরার সদর দপ্তর কাতারসহ বিদেশী ব্যুরোগুলোতে ১৫মিনিটের জন্য নির্ধারিত সম্প্রচার বন্ধ রাখা হয়।

কর্মচারিরা আফগানিস্তান ও ইরাকের রাজধানী বাগদাদের আল--জাজিরার কার্যালয়ে মার্কিন সামরিক বাহিনীর বোমা হামলা ঘটনার তদন্ত দাবি করেছেন। একটি হামলায় আল-জাজিরার সাংবাদিক তারেক আইয়ুব নিহত হন। তবে মার্কিন বাহিনী বলেছে, ভুল বশত আল জাজিরায় বোমা হামলা হয়েছে।