২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের কর্মকর্তাদের সম্পত্তি জব্দ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র

জিম্বাবুয়ের ১২৮ জন কর্মকর্তা ও ৩৩ টি প্রতিষ্ঠানের সম্পত্তি জব্দ করার মাধ্যমে দেশটির রবার্ট মুগাবে সরকারের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র অবরোধ জোরদার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 10:17 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেসহ যারা দেশটিতে গণতান্ত্রিক সংস্কার আনার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে তাদের লক্ষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ একটি কার্যনির্বাহী আদেশ দিয়েছেন।

প্রেসিডেন্ট মুগাবে ও ৭৬ জন সরকারি কর্মকর্তার ওপর দুই বছর আগে জারি করা মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ এখনও সক্রিয় রয়েছে।

প্রেসিডেন্ট বুশ বলেছেন, জিম্বাবুয়ের সার্বিক পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাওয়ায় বাধ্য হয়ে তাকে তাদের বিরুদ্ধে আবারও সিদ্ধান্ত নিতে হয়েছে।

হোয়াইট হাউজ বলেছে, বিরোধী দলের ওপর নির্যাতন এবং স্বাধীন গণমাধ্যম ও বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে।

কংগ্রেস নেতাদের কাছে লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট বুশ বলেন, বিরোধী দল ও সুশীল সমাজ এখনও অবদমিত হচ্ছে।

তিনি বলেন, জিম্বাবুয়ের ২০০৫ সালের মার্চের পার্লামেন্টারি নির্বাচন সুষ্ঠু ও কারচুপিমুক্ত ছিল না।

প্রেসিডেন্ট বলেন, সম্প্রতি স্বল্প আয়ের মানুষদের ঘরবাড়ি ও মার্কেট গুড়িয়ে দেওয়ায় সাত লাখ লোক ঘরবাড়ি, কাজ অথবা উভয়ই হারিয়েছে। গণতান্ত্রিক পরিবর্তন ত্বরান্বিত করার জন্য অতিরিক্ত পদক্ষেপ প্রয়োজন।

এ ব্যাপারে হোয়াইট হাউজের মুখপাত্র ডানা পেরিনো বলেন, জিম্বাবুয়ের সাধারণ জনগণকে লক্ষ করে নতুন এ পদক্ষেপ নেওয়া হয়নি বরং জনসাধারণের দুঃখ দুর্দশার জন্য দায়ীদের লক্ষ করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।