ইসরাইলের পার্লামেন্ট নির্বাচন ২৮ মার্চ
ইসরাইলি প্রেসিডেন্ট মোশে কাতসাভ ২০০৬ সালের ২৮ মার্চে পার্লামেন্ট নির্বাচন আয়োজনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যে পৌঁছার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
২০০৬ সালের নভেম্বরে পরবর্তী পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও বর্তমান প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন সোমবার তার লিকুদ পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করার কারণে নির্বাচন এগিয়ে নিয়ে আসা অনিবার্য হয়ে পড়েছে।
পার্লামেন্ট ভেঙ্গে দেওয়া ও দ্রুত নির্বাচন অনুষ্ঠানের উপর ইসরাইলি পার্লামেন্ট নেসেটে বুধবার পৃথক পৃথক তিনটি ভোট অনুষ্ঠিত হবে।
বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ক্ষমতাসীন লিকুদ পার্টি তেমন ভূমিকা রাখতে পারবে না- এমন কারণ দেখিয়ে শ্যারন লিকুদ পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। শ্যারনের সাথে লিকুদের ১৪ জন পার্লামেন্ট সদস্যও রয়েছেন।
শ্যারন তার রাজনৈতিক দলের নাম এখনও নির্ধারণ না করলেও আগামী পার্লামেন্ট নির্বাচনে তার দলই জয়লাভ করবে বলে ইসরাইলের কয়েকটি সংবাদপত্রের জরিপ থেকে জানা গেছে।
এদিকে শ্যারনের উত্তরাধিকার নির্বাচন করতে লিকুদ পার্টির সদস্যরা বৃহস্পতিবার বৈঠকে বসবেন। সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী সিলভান শালোম ও পররাষ্ট্র মন্ত্রী শাউল মোফাজ লিকুদের প্রধান হতে আগ্রহী।
