লিকুদ পার্টি ত্যাগ করে নতুন দল গঠন করবেন শ্যারন
ইসরাইলি প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন ক্ষমতাসীন লিকুদ পার্টি ত্যাগ করে নতুন দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আগামী পার্লামেন্ট নির্বাচনে নতুন দলের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ইসরাইলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে।
শীর্ষ সহযোগীদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক শেষে প্রধানমন্ত্রী শ্যারন লিকুদ পার্টি ত্যাগের সিদ্ধান্তনেন।
১৯৭৩ সালে লিকুদ পার্টির প্রতিষ্ঠার পিছনে শ্যারনের সক্রিয় সহযোগিতা ছিল।
এর আগে নতুন নেতা আমির পেরেট্সের নেতৃত্বে লেবার পার্টি ক্ষমতাসীন শ্যারনের জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেন।
লিকুদ ত্যাগের বিষয়ে শ্যারনের পক্ষ থেকে সরাসরি কোন বক্তব্য পাওয়া না গেলেও তিনি বিষয়টি অস্বীকার করেননি।
ইসরাইলি সেনা রেডিও জানায়, ৭৭ বছর বয়স্ক শ্যারন লিকুদ পরিত্যাগের বিষয়ে সোমবার একটি ঘোষণা দিতে পারেন।
রেডিও’র একটি সূত্র জানায়, লিকুদ পার্টি ত্যাগ করতে গৃহীত অ্যারিয়েল শ্যারনের সিদ্ধান্তটি বেশ নাটকীয়।
রেডিও’তে প্রচারিত প্রতিবেদন থেকে জানা যায়, শ্যারন পার্লামেন্ট ভেঙ্গে দিতে ও যতদ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করতে প্রেসিডেন্ট মোশে কাটসাভের প্রতি আহ্বান জানাবেন।
২০০৬ সালের নভেম্বর মাসে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা থাকলেও তা এগিয়ে নিয়ে আসার ব্যাপারে লেবার নেতা পেরেট্সের সাথে শ্যারনের ঐকমত্য হয়েছে।
আর রোববার জোট সরকার থেকে লেবারের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কারণে নির্বাচনের পথও সুগম হয়েছে।
রেডিও’র ওই কর্মকর্তা জানিয়েছেন, নতুন একটি রাজনৈতিক দল গঠনের ব্যাপারে শ্যারন ইতোমধ্যে তার রাজনৈতিক শরীকদের সাথে যোগাযোগ শুরু করেছেন।
রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দিকগুলো প্রাধান্য দিয়েই নতুন দলটি গড়া হবে লিকুদ পার্টির কর্মকর্তারা জানিয়েছেন।
গাজা উপত্যকা ও পশ্চিম তীরের অংশ বিশেষ থেকে ইহুদি বসতি প্রত্যাহার নিয়ে শ্যারনের সাথে লিকুদ পার্টির অনেকের সাথেই তার বিরোধ চরমে উঠেছিল।
বসতি প্রত্যাহার নিয়ে লিকুদ পার্টির অনেকে নাখোশ হলেও সাধারণ ইসরাইলিদের মধ্যে শ্যারনের জনপ্রিয়তা অনেকখানিই বেড়ে যায়। কেননা সাধারণ ইসরাইলিরা ফিলিস্তিনিদের সাথে সমঝোতা কিংবা তাদেরকে শাসন করতে চায় না।
আর সম্প্রতি পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, লিকুদ পার্টির চেয়ে শ্যারনের জনপ্রিয়তা অনেক বেশি।
