চীন-মার্কিন সম্পোর্কন্নয়নে প্রেসিডেন্ট বুশের চীন সফর শুরু
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মার্কিন প্রশাসনের বেশ ক’জন উর্ধ্বতন কর্মকর্তাসহ চীন সফর শুরু করেছেন। এ সফর চীন মার্কিন সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা।
রোববার প্রেসিডেন্ট বুশ চীনের প্রেসিডেন্ট হু জিন তাও-এর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দু’ নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হবে বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে।
ধর্মীয় স্বাধীনতা, বাণিজ্য ইস্যু ও বার্ড ফ্লু হুমকি দু’ নেতার আলোচনায় স্থান পাবে বলে আশা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় এপেক সম্মেলন শেষে তিনি চীনে পৌঁছান।
রোববার বেইজিং পৌঁছেই প্রেসিডেন্ট বুশ চীনের কয়েকটি কয়েকটি শীর্ষ গীর্জা পরিদর্শন করেন। সফরে বুশের সাথে রয়েছেন তার স্ত্রী লরা বুশ।
বুশের একজন ঘনিষ্ঠ সহযোগী বলেন, চীনা নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা ও স্বাধীন মত প্রকাশের সুযোগ দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট বুশ চীনা নেতা সাথে আলোচনা করবেন।
সাম্প্রতিক সময়ের চীনা নীতির কারণে প্রেসিডেন্ট বুশ ব্যাপক চাপের মধ্যে রয়েছেন। এ কারণেই চীনের সাথে সম্পর্ক উন্নয়নেই প্রেসিডেন্ট বুশের এ সফর বলে ধারণা করা হচ্ছে। এ বৈঠকে চীনকে বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা।
এর আগে জাপান সফরের সময় প্রেসিডেন্ট বুশ তাইওয়ানকে আরও বেশি রাজনৈতিক স্বাধীনতা দেওয়ার জন্যে চীনের প্রতি দাবি জানায়।
কিন্তু চীনের একজন মুখপাত্র বলেন, সকল চীনা নাগরিকই আইনের আওতায় যথেষ্ঠ স্বাধীনতা ভোগ করে থাকেন।
রোববারের বৈঠকে প্রেসিডেন্ট বুশ ও হু জিন তাও-এর মধ্যে বাণিজ্য, অর্থনীতি, সামরিক অবস্থা, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি, বার্ড ফ্লুসহ দু’দেশের সম্পর্কন্নোয়নে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কাউন্সিলের এশিয়া বিষয়ক পরিচালক মাইক গ্রিন প্রেসিডেন্ট বুশের এ সফরকে খুবই গুরুত্বসহকারে দেখছেন। তিনি জানান, প্রেসিডেন্ট বুশ পরিকল্পনা করেই সব করছেন। বিশেষ করে রোববার চীনে যাওয়া এবং তারপর গীর্জায় যাওয়া সবকিছুই অর্থবহ। দু’পক্ষের সফল আলোচনা চীন মার্কিন সম্পর্ককে নতুনদিকে নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
