২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ শনিবার

দ্বীপরাষ্ট্র শ্রীলংকার বৃহস্পতিবারের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশে শনিবার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2005, 09:29 AM

Updated : 26 Apr 2022, 06:18 PM

বর্তমান প্রধানমন্ত্রী ও শ্রীলংকা ফ্রিডম পার্টির নেতা রাজাপাকশে নির্বাচনে প্রদত্ত ভোটের অর্ধেকের বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে রাজাপাকশের চেয়ে দুই লক্ষাধিক ভোট কম পেয়েছেন।

রাজাপাকশে চার দশমিক আট মিলিয়নেরও বেশি ভোট পেয়েছেন।

মোট তেরজন প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে মূল লড়াই হয়েছে রাজাপাকশে ও বিক্রমাসিংহের মধ্যে।

তামিল টাইগারদের সাথে আলোচনার আগে কঠোর অবস্থান নেয়ার ব্যাপারে রাজাপাকশে প্রতিশ্রুতি দিয়েছেন।

নির্বাচনে জয়ের পর তিনি বলেন, একটি মর্যাদাপূর্ণ শান্তি স্থাপনের প্রচেষ্টা তিনি চালিয়ে যাবেন।

ডানপন্থি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় নরওয়ের কূটনীতিক এরিক সোলহেইম কলম্বো সরকার ও তামিল বিদ্রোহীদের মধ্যে স্থবির শান্তি আলোচনার ভবিষ্যত নিয়ে শংকা প্রকাশ করেছেন।

প্রধান মধ্যস্থতাকারী সোলহেইম বলেন, পরিস্থিতি এখন বেশ কঠিন। শ্রীলংকার বিভিন্ন অংশে সহিংসতার ঘটনা বৃদ্ধি পাওয়ার আশংকা দেখা দিয়েছে।

শ্রীলংকার প্রধান বিচারপতি সারাথ সিলভা আনুষ্ঠানিকভাবে রাজাপাকশেকে শপথ পাঠ করাবেন।

শপথ নেয়ার পর তিনি একজন নতুন প্রধানমন্ত্রী ও তার নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে বিক্রমাসিংহের নির্বাচন কার্যালয় তামিল টাইগার-নিয়ন্ত্রিত এলাকায় পুনর্নির্বাচন অনুষ্ঠানের যে দাবি জানিয়েছিলেন, নির্বাচন কমিশন সে দাবি নাকচ করে দিয়েছে।

গেরিলাদের নির্বাচন বয়কটের কারণে পূর্ব ও উত্তর শ্রীলংকার তামিল টাইগার-নিয়ন্ত্রিত এলাকায় কোথাও কোথাও কোন ভোটই পড়েনি।