২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকশের জয়

শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে সামান্য ব্যবধানে জয়ী হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 01:44 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

প্রধানমন্ত্রী রাজাপাকশে পঞ্চাশ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন। অপরদিকে বৃহস্পতিবারের প্রেসিডেন্ট নির্বাচনে তার কঠিন প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পঞ্চাশ শতাংশেরও কম ভোট পেয়েছেন।

রাজাপাকশে নির্বাচিত হলেও সরকারিভাবে এখনও ভোটের ফলাফল ঘোষণা হয়নি। প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করা অপরাপর প্রার্থীদের সঙ্গে রাজাপাকশের বিজয়ের ব্যাপারে আলোচনা করেই কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে বলে জানা গেছে।

গ্রিনিচ মান সময় ০৭৩০টায় তের প্রার্থীর সাথে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বৈঠকটি হবে বলে প্রধান নির্বাচন কমিশনার দয়ানন্দ দিশানায়েক জানান।

ভোট গণনা শেষে দেখা যায়, ১৩ মিলিয়ন নিবন্ধীকৃত ভোটারের মধ্যে রাজাপাকশে চার দশমিক আট মিলিয়নেরও বেশি ভোট পেয়েছেন। বিক্রমাসিংহ পেয়েছেন চার দশমিক ৬৯ মিলিয়ন ভোট। নির্বাচন কমিশনের হিসেব মতে, রাজাপাকশে বিক্রমাসিংহের চেয়ে কমপক্ষে ১৮০,০০০ ভোট বেশি পেয়েছেন।

শতকরা ৭৫ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে প্রধান নির্বাচন কমিশনার দিশানায়েক উল্লেখ করেন।

শ্রীলংকার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন জানিয়েছে, রাজাপাকশের নির্বাচন কার্যালয় থেকে তাদের পক্ষে জয় দাবি করা হয়েছে।

উত্তর ও পূর্ব শ্রীলংকায় তামিল বিদ্রোহীরা নির্বাচন বর্জন করায় ক্ষমতাসীন শ্রীলংকা ফ্রিডম পার্টির (এসএলএফপি) প্রার্থী রাজাপাকশের জয় ত্বরান্বিত হয়েছে বলে বিশ্লেষকরা বলছেন।

রাজাপাকশে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় একদশকের বেশি সময় ধরে প্রেসিডেন্ট হিসেবে আসীন থাকা চন্দ্রিকা কুমারাতুঙ্গার শাসনামলের অবসান ঘটছে। ১৯৯৪ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

প্রসঙ্গত, রাজাপাকশে চন্দ্রিকা সমর্থিত প্রার্থী।