২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার মানবাধিকার রেকর্ডে জাতিসংঘের উদ্বেগ

উত্তর কোরিয়ার বর্তমান মানবাধিকার ও মানবিক পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ সাধারণ পরিষদ একটি প্রস্তাব পাস করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2005, 11:54 AM

Updated : 26 Apr 2022, 06:18 PM

প্রস্তাবের পক্ষে ৮৪ ও বিপক্ষে ২২ ভোট পড়েছে। অপরদিকে ৬২ সদস্য দেশ ভোট প্রদান থেকে নিজেদের বিরত রেখেছে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ভোটদান থেকে বিরত থেকেছে এবং চীন প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে।

উত্তর কোরিয়ায় রাজনৈতিক কারণে প্রদত্ত মৃত্যুদণ্ড, জোরপূর্বক শ্রমে নিয়োজিত রাখা, প্রকাশ্যে হত্যা, নির্যাতনসহ ব্যাপক মানবাধিকার লংঘন সংক্রান্ত প্রতিবেদনের প্রেক্ষিতে সাধারণ পরিষদ উদ্বেগ প্রকাশ করে।

প্রস্তাবে উত্তর কোরিয়ার মানবিক পরিস্থিতি নিয়েও আশংকা প্রকাশ করা হয়।

এই প্রথমবারের মত জাতিসংঘ সাধারণ পরিষদ উত্তর কোরিয়ার মানবাধিকার লংঘনের উপর ভোট গ্রহণ করল। এর আগে ২০০৩ সালে জাতিসংঘের মানবাধিকার কমিশন এ ধরনের একটি প্রস্তাব পাস করেছিল।

জাতিসংঘে দক্ষিণ কোরিয়ার দূত শিন কাক-সু বলেন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কোরিয়ার (ডিপিআরকে) জনগণের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর উদ্বেগ দক্ষিণ কোরিয়াও অনুভব করে। একইভাবে কোরীয় উপদ্বীপে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে উত্তর কোরিয়ার প্রতি সিউল সরকারের অন্যরকম মনোভাব রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও নির্দিষ্ট কিছু ইইউ রাষ্ট্রের পরিবেশিত বিকৃত তথ্যের উপর ভিত্তি করে প্রস্তাবটি পাস করা হয়েছে বলে জাতিসংঘে উত্তর কোরিয়ার প্রতিনিধি কিম চ্যাং গাক মন্তব্য করেছেন। তার ভাষায়, প্রস্তাবের লক্ষ্যই হচ্ছে ডিপিআরকে’র রাজত্বের পরিবর্তন করা।

তিনি বলেন, উত্তর কোরিয়া সাহায্য গ্রহণ করবে কি করবে না-এটা পিয়ংইয়ংয়ের ব্যাপার, ইইউ’র ব্যাপার নয়।

কিম চ্যাং গাক আরও বলেন, আমাদের যখন খুব বেশি প্রয়োজন ছিল, তখন রাজনৈতিক কারণে ইইউ, মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান আমাদের খাদ্য সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছে। আর যখন আমরা নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছি, তখন তারা সহায়তা নিতে আমাদের চাপ দিচ্ছে।

তবে ইইউ সমর্থিত প্রস্তাবটি সমর্থন করতে দক্ষিণ কোরিয়া অস্বীকৃতি জানিয়েছে। আন্তঃকোরীয় সম্পর্ক ও পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে পিয়ংইয়ংকে রাজি করানোর প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে-এমন আশংকা থেকে সিউল প্রস্তাবে সমর্থন দেয়নি।

দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি বলেছেন, স্টালিনপন্থী রাষ্ট্র ডিপিআরকে’র মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সিউল পথ খুঁজে বের করার চেষ্টা করছে।