শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, এগিয়ে রাজাপাকশে
শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রে ফলাফল প্রকাশ হতে শুরু করেছে। এতে দেখা গেছে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রনিল বিক্রমাসিংহের তুলনায় সামান্য এগিয়ে আছেন।
তবে বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারি ও সেনাদের ডাকযোগে প্রদত্ত ভোটের ফলাফলে রাজাপাকশে যে এগিয়ে থাকবেনতা বলা যাচ্ছে না।
শুক্রবারের নির্বাচনে মোট ভোটারের ৭৫ শতাংশ ভোট দিয়েছে বলে নির্বাচন কমিশনার দয়ানন্দ দিশানায়েক প্রথম দিকে জানিয়েছিলেন। শ্রীলংকার দক্ষিণ ও পশ্চিম অংশেই ভোট পড়েছে বেশি। অপরদিকে তামিল টাইগাররা নির্বাচর বর্জন করায় তামিল নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ভোট পড়েনি বললেই চলে।
বিশ্লেষকরা বলছেন, উত্তর ও পূর্ব শ্রীলংকায় তামিল বিদ্রোহীরা নির্বাচন বর্জন করায় তা প্রধানমন্ত্রী রাজাপাকশের জন্য অনুকূল হতে পারে।
শুক্রবার স্থানীয় সময় ০৩২০টা (গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার ২১২০টা) পর্যন্ত ভোট গণনা থেকে দেখা গেছে, ক্ষমতাসীন শ্রীলংকা ফ্রিডম পার্টির (এসএলএফপি) প্রার্থী রাজাপাকশে ২২৩,১৬৭ ও বিক্রমাসিংহে ১৯৪,০৩৭ ভোট পেয়েছেন।
ভোটের চূড়ান্ত ফলাফল শুক্রবার জানা যাবে। নির্বাচনে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনকে কেন্দ্র করে বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেলেও বড় ধরনের কোন গোলযোগ ও রক্তপাত ঘটেনি।
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে একদশকেরও বেশি সময় ধরে প্রেসিডেন্ট হিসেবে আসীন থাকা চন্দ্রিকা কুমারাতুঙ্গার শাসনামলের অবসান ঘটছে। ১৯৯৪ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।
