২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় বার্ড ফ্লুর আক্রমণে আরও দুইজনের মৃত্যু

মরণঘাতী বার্ড ফ্লু ভাইরাস আক্রান্ত হয়ে ইন্দোনেশিয়া দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা সাতে গিয়ে দাঁড়াল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 12:30 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

মৃত মুরগির বাচ্চার সংস্পর্শে আসায় জাকার্তার মৃত ওই মহিলা ও কিশোরীর শরীরে এইচ-৫ এন-১ ভাইরাস আক্রমণ করে। এ মাসের শুরুর দিকে তাদের মৃত্যু হয়। পরীক্ষা করে তাদের শরীরে ভাইরাসের অস্তিত্ব লক্ষ্য করা গেছে।

২০০৩ সালে প্রাদুর্ভাবের পর থেকে এখন পর্যন্ত এইচ-৫ এন-১ ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ ও পূর্ব এশিয়ায় ৬০ জনেরও বেশি লোকের প্রাণহানির ঘটনা ঘটেছে।

ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা হারিয়াদি উইবিসোনা জানান, বৃহস্পতিবার সকালে আমরা মৃত দুইজনের মেডিকেল পরীক্ষার ফলাফল পেয়েছি। পরীক্ষায় তাদের শরীরে ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে।

প্রাদুর্ভাবের আশঙ্কা থাকায় ইন্দোনেশীয় সরকার এইচ-৫ এন-১ ভাইরাস-বিরোধী ওষুধ তামিফ্লু মজুদ শুরু করেছে।