২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া শুরু করেছে ইরান

ইরান নতুন করে ইউরেনিয়াম সংশোধন করার প্রক্রিয়া শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা বলেছেন, ইরান ইউরেনিয়াম সংশোধন করে তা গ্যাসে রূপান্তরিত করছে এবং সেই গ্যাস পারমাণবিক বোমা তৈরির উপাদান সমৃদ্ধকরণে ব্যবহৃত হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 09:20 AM

Updated : 26 Apr 2022, 06:18 PM

অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ঘনিষ্ঠ একজন কূটনীতিক বলেছেন, ইউরেনিয়াম সংশোধন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে অব্যাহত চাপ সত্ত্বেও ইরান তার পারমাণবিক কর্মসূচি সচল করল।

সংশোধিত ইউরেনিয়াম পারমাণবিক জ্বালানি উৎপাদনে ব্যবহৃত হয়। পারমাণবিক জ্বালানি পরবর্তীতে আণবিক অস্ত্র তৈরির কাজে লাগানো যায়।

আইএইএ’র কূটনীতিকরা জানান, ইরানের ইসফাহান পারমাণবিক কেন্দ্রে আইএইএ’র অস্ত্র পরিদর্শকরা নতুন পর্যায়ের ইউরেনিয়াম সংশোধনের প্রমাণ পেয়েছেন।

অপর এক কূটনীতিক বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপ ও ইরানের মধ্যে সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু করতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে তেহরানের নতুন এ উদ্যোগ বাধাগ্রস্ত করবে।

ইরান আলোচনা শুরু করতে অক্টোবর মাসে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতি আহ্বান জানায়। আগস্ট মাসে ইইউ’র সাথে তেহরানের আলোচনা ভেঙ্গে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একজন কূটনীতিক বলেন, এটা সুসংবাদ নয়। নতুন করে আলোচনা শুরু করার চেষ্টা এখন আরও কঠিন হয়ে গেল।

সকল পারমাণবিক কর্মসূচি বাতিল করতে আইএইএ’র বোর্ড সেপ্টেম্বরে তেহরানের প্রতি আহ্বান জানায়। রাশিয়া তখন থেকে ইরানের সাথে সমঝোতা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আসছে সপ্তাহে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আইএইএ’র বোর্ড অব গভর্নর একটি বৈঠকে মিলিত হতে যাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ বলেছে, পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হবে এমন সব পারমাণবিক কর্মসূচি ইরানকে বাতিল করতে হবে। তবে তারা এটাও বলেছে, ইরান পারমাণবিক কর্মসূচি সচল রাখতে পারে। কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া চলবে অন্য কোথাও, বিশেষ করে তা হতে পারে রাশিয়ায়।