গাজা সীমান্ত খুলে দিতে ইসরাইল-মিসর সমঝোতা, কূটনীতিকদের সাধুবাদ
গাজা সীমান্ত পুনরায় খুলে দেওয়া নিয়ে ইসরাইল ও মিসরের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠিত হওয়াকে ইসরাইল, ফিলিস্তিন ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা স্বাগত জানিয়েছেন।
মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ড. কন্ডোলিৎসা রাইস সশরীরে উপস্থিত থেকে সমঝোতায় পৌঁছাতে ইসরাইল ও মিসরকে সহায়তা করেন। গাজার রাফা সীমান্ত ২৫ নভেম্বর খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
রাফা সীমান্ত খুলে দেওয়ার সময় ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকতে একজন ইতালিয় পুলিশ কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রতিনিধি জেভিয়ার মনোনয়নের ঘোষণা দেন।
রাফা সীমান্ত উন্মুক্ত করে দেওয়াকে গাজার অর্থনীতি ও ফিলিস্তিনের রপ্তানির জন্য খুব গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।
সমঝোতা চুক্তিতে পৌঁছাতে সংশ্লিষ্ট পক্ষকে রাজি করাতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রাইস তার মধ্যপ্রাচ্য সফর দীর্ঘ করেছেন।
রাফা সীমান্ত খুলে দেওয়ার ফলে ফিলিস্তিনিরা বাসে করে গাজা থেকে পশ্চিম তীরে চলাচল করতে পারবেন।
সমঝোতা চুক্তিতে রাফা সীমান্ত অতিক্রম করে মিসরে প্রবেশের পথে ভিডিও পর্যবেক্ষণ ব্যবস্থা রাখার বিষয়টি রাখা হয়েছে। ইইউ-ফিলিস্তিনি যৌথ দল বিষয়টি তদারকি করবে।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী শউল মোফাজ বলেছেন, রাফা সীমান্তে সরাসরি ভিডিও’র বিষয়টি চুক্তিতে অন্তর্ভূক্ত হওয়ায় ইসরাইল সন্তুষ্ট।
জেভিয়ার সোলানা ও ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী জ্যাক স্ট্র সমঝোতা চুক্তি মেনে চলতে ফিলিস্তিনি ও ইসরাইলিদের প্রতি আহ্বান জানিয়েছেন। এক যুক্ত বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
জাতিসংঘ মহাসচিব কফি আনান চুক্তিতে ফিলিস্তিনিদের অবাধ চলাচলের স্বাধীনতা ও বৃহত্তর অর্থনৈতিক উন্নয়নের সুযোগ দেওয়ায় তিনি চুক্তির প্রশংসা করেছেন। কফি আনানের মুখপাত্র এ খবর জানিয়েছেন।
ড. রাইস বলেছেন, এ চুক্তি উভয় অঞ্চলের অধিবাসীর জীবনযাত্রার পরিবর্তন ঘটাবে।
