ইরাকি নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে বন্দি নির্যাতনের অভিযোগ
ইরাকের নিরাপত্তা কর্মীরা রাজধানীর বাগদাদে ১৭০ জনেরও বেশি বন্দিকে আটকে রেখে নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ তা তদন্ত করে দেখা হচ্ছে বলে ইরাকি সরকার জানিয়েছে।
ইরাকে মোতায়েনকৃত মার্কিন সামরিক বাহিনী ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি ভবনের নিয়ন্ত্রণ রোববার নিজেদের হাতে নেয়ার পর সেখানে আটককৃত বন্দিদের নির্যাতনের বিষয়টি প্রকাশ হয়ে যায়। আটককৃতদের অনেককেই ক্ষুধার্ত রাখা হয়েছে এবং অনেকের শরীরে নির্যাতনের চিহ্ন দেখা গেছে।
নিখোঁজ হওয়া এক কিশোরের সন্ধানে মার্কিন সামরিক বাহিনী অভিযান চালানোর পর তারা ইরাকি সরকারের নিয়ন্ত্রণাধীন এ ভবনের সন্ধান পায়।
ইরাকের প্রধানমন্ত্রী ইব্রাহিম জাফারি প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, কোন ধরনের নির্যাতনের ঘটনা ঘটে থাকলে জড়িতদের অবশ্যই চিহ্নিত করা হবে। আটককৃতদের অধিকাংশই সুন্নি সম্প্রদায়ের।
ওই ভবনটি মিলিশিয়া বাহিনী বদর ব্রিগেড ব্যবহার করতো বলে জানা গেছে। বদর ব্রিগেডের অনেক সদস্যই এখন ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্য।
ভবন বা গোপন কারাগারটি বাগদাদের জাদিরিয়া জেলার কেন্দ্রস্থলে অবস্থিত।
প্রধানমন্ত্রী জাফারি বলেন, ১৭৩ জন বন্দিকে উদ্ধার করা হয়েছে বলে আমাকে বলা হয়েছে। তাদেরকে ক্ষুর্ধাত রাখা হয়েছিল ও অনেকের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে আমাকে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী বন্দি নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বন্দিদের ভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কয়েকজন নির্যাতিত বন্দিকে সরাসরি দেখতে পাওয়া উপ-স্বরাষ্ট্র মন্ত্রী হোসেন কামাল বলেছেন, বাগদাদে গত দু’বছরে আমি এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখিনি।
তিনি বলেন, বন্দিদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এমন চিহ্ন আমি দেখেছি। দুই-একজন বন্দি পঙ্গু হয়ে গেছে। অনেকের শরীরের বিভিন্ন স্থান থেকে চামড়া উঠে গেছে।
ইরাকি ইসলামিক পার্টির প্রধান সাংবাদিকদের জানিয়েছেন, বন্দিদের সকলেই সুন্নি সম্প্রদায়ভূক্ত।
মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তদন্তে স্বাগত জানিয়েছে। তবে বলেছে, ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ইরাকি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বন্দি নির্যাতনের বিষয়গুলো তদন্তে আসতে হবে।
