২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাওয়ার্ড সরকারের শ্রম সংস্কারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল অস্ট্রেলিয়া

প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের নেতৃত্বাধীন জোট সরকারের প্রস্তাবিত শ্রম সংস্কারের প্রতিবাদে মঙ্গলবার অস্ট্রেলিয়ায় ইতিহাসের সর্ববৃহৎ প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে হাজার হাজার কর্মী অংশগ্রহণ করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2005, 01:23 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

শ্রমিকদের মৌলিক অধিকারের ওপর আঘাত ও শ্রমিক ইউনিয়ন ধ্বংস করার ষড়যন্ত্রের অভিযোগে প্রধানমন্ত্রী হাওয়ার্ডের লিবারেল-ন্যাশনাল জোট সরকারের বিরুদ্ধে মঙ্গলবারের বিক্ষোভের কারণে দেশের বড় শহরগুলোর ব্যবসায়িক জেলাগুলো অচল হয়ে পড়ে।

সিডনির প্রতিবাদ বিক্ষোভে ত্রিশ হাজার শ্রমিক অংশগ্রহণ করে বলে জানা গেছে। ১৫,০০০ শ্রমিকের অংশগ্রহণে ব্রিসবেনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে কুইন্সল্যান্ড রাজ্য প্রধান পিটার বিট্টি অংশগ্রহণ করেন। আর সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ হয়েছে মেলবোর্নে। সেখানে দেড় লক্ষাধিক শ্রমিক অংশগ্রহণ করে বলে পুলিশ জানিয়েছে। এডিলেড ও পার্থেও বড় ধরনের প্রতিবাদ সমাবেশ হয়েছে।

সারাদেশে এরকম আয়োজিত ৩০০টি প্রতিবাদ সমাবেশে পাঁচ লক্ষাধিক লোক অংশগ্রহণ করেছে বলে আয়োজকরা দাবি করেছেন।

বিক্ষোভকারীরা বিরোধী দল লেবার পার্টি শাসিত ছয়টি রাজ্যের প্রধানের পূর্ণ সমর্থন পেয়েছেন। বিরোধী দলের নেতা কিম বিজলি বলেছেন, সংস্কার হাওয়ার্ড সরকারের পতন ঘটাবে।