২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় হামাস জঙ্গি নিহত

ইসরাইলি সেনাবাহিনী সোমবার ভোরে পশ্চিম তীরের নাবলুস শহরে অভিযান চালিয়ে হামাসের এক জঙ্গিকে হত্যা করেছে। ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে এ খবর জানা যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 01:13 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

সহিংসতার কারণে স্থবির মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার সচল করার লক্ষ্যে জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরাইলি ও ফিলিস্তিনি নেতৃবৃন্দের সাথে সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ড. কন্ডোলিৎসা রাইসের সাথে নির্ধারিত বৈঠকের কিছুক্ষণ আগে ইসরাইলি সেনাবাহিনী নাবলুসে এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার ভোরে নাবলুসের পূর্বাঞ্চলে ইসরাইলি সেনাবাহিনীর ১৫টি সামরিক জিপ প্রবেশ করলে সেখান থেকে বেশ কয়েকটি বিস্ফোরণ ও গুলি বিনিময়ের শব্দ শোনা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সেনাবাহিনীর অভিযানকালে সেনাদের গুলিতে হামাসের সদস্য আমজান হানাবি (৩৪) নিহত হয়েছে। খুব কাছ থেকে মাথায় গুলি করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

কেন তাকে হত্যা করা হয়েছে তা পরিষ্কার নয়।

এ ব্যাপারে ইসরাইলি সেনাবাহিনীর তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি।