২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইবেরিয়ার নির্বাচনের প্রশংসায় আফ্রিকার নেতৃবৃন্দ

আফ্রিকার ক্ষমতাধর সাত নেতা লাইবেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনকে কারচুপিমুক্ত ও স্বচ্ছ বলে আখ্যায়িত করেছেন। পাশাপাশি বিরোধীদের নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সহিংসতা এড়িয়ে চলতে নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 12:33 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকি ও নাইজেরিয়ার প্রেসিডেন্ট ওলুসেগুন ওবাসানজো লাইবেরিয়ার ভোটারদের প্রশংসা করেছেন এবং নির্বাচন কর্মকর্তারা খুব ভাল কাজ করেছেন বলে তারা উল্লেখ করেছেন।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষিত হলেই লাইবেরিয়া ও আফ্রিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে ইলেন জনসন-সারলিফের অভিষেক হবে।

তবে জনসন-সারলিফের প্রতিদ্বন্দ্বী ও সাবেক আন্তর্জাতিক ফুটবল তারকা জর্জ উইয়াহ ভোট কারচুপির অভিযোগ এনে পুননির্বাচনের দাবি জানিয়েছেন।

নাইজেরিয়ার রাজধানী আবুজায় আফ্রিকান ইউনিয়নের বিভিন্ন ইস্যুর উপর আলোচনাকালে নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, ঘানা, সেনেগাল, ইথিওপিয়া, আলজেরিয়ার সরকারপ্রধানগণ এবং আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান একটি যুক্ত বিবৃতি প্রদান করেন।

নেতৃবৃন্দ লাইবেরিয়ার নির্বাচনকে শান্তিপূর্ণ, স্বচ্ছ, কারচুপিমুক্ত এবং নিরপেক্ষ বলে দাবি করেছেন।

বিবৃতিতে তারা বলেছেন, নির্বাচনের ফলাফলে অখুশিরা যেন সাংবিধানিক ও বৈধ উপায়ে তাদের অভিযোগ পেশ করেন।

চেলসির সাবেক ফুটবলার উইয়াহ’র দল নির্বাচনে ব্যালট ছিনতাই, কারচুপি ও নির্বাচনকালীন সময়ে নির্যাতনের অভিযোগ এনেছে। এ বিষয়ে একটি তদন্ত চলছে।

শান্তিপূর্ণ উপায়ে নিজেদের মধ্যে বিতর্কের নিরসন করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইতোমধ্যে লাইবেরিয়দের প্রতি আহ্বান জানিয়েছে।