২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি আলোচনা শুরু করতে ইসরাইলের প্রতি ক্লিনটনের আহ্বান

একক পরিকল্পনায় সহিংসতা সমাধানের উপর নির্ভর না করে এবং সে সমাধান কারো উপর চাপিয়ে না দিয়ে ফিলিস্তিনিদের সাথে শান্তি আলোচনা শুরু করতে সাবেক মার্কি প্রেসিডেন্ট বিল ক্লিনটন ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2005, 11:22 AM

Updated : 26 Apr 2022, 06:17 PM

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের দশম মৃত্যৃবার্ষিকী পালন করতে সাবেক ক্লিনটন এখন রাজধানী তেল আবিবে অবস্থান করছেন।

আইজ্যাক রবিন ফিলিস্তিনের সাথে যে শান্তি প্রক্রিয়া শুরু করেছিলেন, তা এগিয়ে নিতে ক্লিনটন ইসরাইলের প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনের প্রতি আহ্বান জানান।

দখলকৃত গাজা উপত্যকা থেকে একক সিদ্ধান্তে ইসরাইল সেখান থেকে ইহুদি বসতি প্রত্যাহার করায় ক্লিনটন প্রধানমন্ত্রী শ্যারনের সাহসিকতার প্রশংসা করেছেন। তবে সমন্বিত চুক্তিতে পৌঁছাতে তিনি সমঝোতার উপর গুরুত্ব আরোপ করেন।

ক্লিনটন বলেন, সফল ফিলিস্তিনি রাষ্ট্রের প্রশ্নে ইসরাইল যদি সহযোগিতাপূর্ণ সমঝোতা ছাড়া দীর্ঘদিন একক সিদ্ধান্ত গ্রহণকে কৌশল হিসেবে ধরে থাকে, তাহলে সেটি আমার কাছে অযথার্থই মনে হবে।

আইজ্যাক রবিনের স্মরণে তেল আবিবে আয়োজিত র‌্যালিতে ক্লিনটন তার বক্তব্যে বলেন, তিনি তার বাকি জীবনে আইজ্যাক রবিনের অভাব অনুভব করবেন।

ক্লিনটন বলেন, পাঁচ বছর আগে ক্যাম্প ডেভিডে প্রণীত শান্তি প্রস্তাব গ্রহণ না করে ইয়াসির আরাফাত ঐতিহাসিক ভুল করেছেন।

ইয়াসির আরাফাতে প্রথম মৃত্যুবার্ষিকীতে ফিলিস্তিনিরা গত সপ্তাহান্তে বড় ধরনের র‌্যালির আয়োজন করলেও সে র‌্যালিতে কোন বিদেশী নেতা অংশ নেননি।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘের বিশেষ প্রতিনিধি জেম্স উলফেনসন রোববার বলেন, ইসরাইল যদি সীমান্তে কড়াকড়ি শিথিল না করে এবং অবাধে পণ্য সরবরাহ ও মানুষের চলাচলে বাধা দেয়, তাহলে গাজা উপত্যকা একটি বড় ধরনের কারাগারে পরিণত হবে।