সাদ্দামের সহযোগী ইজ্জত ইব্রাহিমের মৃত্যু খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হেসেনের ঘনিষ্ঠ সহযোগী ইজ্জত ইব্রাহিমের মৃত্যুর বিষয়টিকে খতিয়ে দেখছে।
তারা এখনও ইজ্জত ইব্রাহিম আল দৌরিকে গ্রেপ্তারের জন্য তথ্য সরবরাহকারীকে ১০ মিলিয়ন মার্কিন ডলারের ঘোষণা বহাল রেখেছে।
ইরাকের সাবেক ক্ষমতাসীন বাথ পার্টির ওয়েবসাইটে তার মৃত্যুর খবর প্রচার করলেও তা নিয়ে মার্কিন কর্তৃপক্ষ সন্দিহান।
এদিকে সাদ্দাম হোসেনের আরেক ঘনিষ্ঠ সহযোগী সালাহ আল মুখতার এক বিবৃতিতে বলেছেন, দৌরি মারা যাননি, তার মৃত্যুর খবরটি ছিল ভিত্তিহীন।
বিবৃতিতে তিনি আরও বলেন, ইজ্জত ইব্রাহিম আল দৌরি সুস্থ আছেন।
দৌরির মৃত্যুর খবর প্রচারের ২৪ ঘন্টা পরই ওই ওয়েবসাইট থেকে এ খবর প্রত্যাহার করে নেয়া হয়।
ইরাকে আল কায়দা নেতা আবু মুসাব আল জারকাবির পর সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ সহযোগী দৌরি মার্কিন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেডের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন।
রোববার মার্কিন বাহিনী বলেছে, আল দৌরিকে ধরিয়ে দেওয়া অথবা তার মৃত্যু সম্পর্কিত যে কোন তথ্যের জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে।
তবে মার্কিন বাহিনী বলেছে, দলের প্রতি তার আনুগত্য ধরে রাখতে সমর্থ না হওয়ায় বাথ পার্টিতে দৌরির প্রভাব ক্রমেই কমতে শুরু করে।
তিনি কয়েক বছর ধরে লিউকোমিয়ার চিকিৎসা নিচ্ছিলেন। তাই তিনি সুস্থ হয়ে উঠলেও অভ্যন্তরীণ ও বৈদেশিক কার্যক্রম চালাতে পারবেন না।
সাদ্দাম শাসনামলে দৌরি সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চীফ ছিলেন। এছাড়াও ১৯৮৮ সালে উত্তর ইরাকে রাসায়ণিক অস্ত্র ব্যবহার সংক্রান্ত কমিটির উচ্চ পদে ছিলেন।
তিনি রেভ্যুলেশনারি কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি শিয়া দমনের প্রধান কমান্ডারও ছিলেন।
ইরাকে মার্কিন হস্তক্ষেপের পর থেকে তিনি নিখোঁজ।
সম্প্রতি তার বিরুদ্ধে ইরাকে বিদ্রোহী দলগুলোকে তহবিল সংগ্রহের অভিযোগ রয়েছে।
