২০০৭ সালের মধ্যেই ইরাক থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহার: ইরাক
ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি বলেছেন, আগামী বছরের শেষের দিকে ইরাক থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহার করে নেয়া হতে পারে।
তবে জালাল তালাবানি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরাক থেকে এখনই বহুজাতিক বাহিনী প্রত্যাহার করে নেয়া হলে তা ইরাকের জন্য বিপর্যয় বয়ে আনবে এবং দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে।
আইটিভি১’র জোনাথন ডিম্বলির অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট তালাবানি বলেন, বিদেশী বাহিনী ইরাকে অনির্দিষ্টকালের জন্য থাকুক, ইরাকিরা তা চায় না।
তিনি বলেন, এক বছরের মধ্যে ইরাকের দক্ষিণাঞ্চলে মোতায়েনকৃত ব্রিটিশ বাহিনীর স্থলে জায়গা করে নিতে ইরাকি বাহিনী প্রস্তুত হবে।
কুর্দি নেতা তালাবানি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরাককে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হলে তা মধ্যপ্রাচ্যের জন্য খারাপ পরিণতি বয়ে আনবে।
২০০৬ সাল শেষ হওয়ার আগেই ইরাক থেকে ব্রিটিশ বাহিনী প্রত্যাহার করে নেয়া হবে-এই মর্মে তাকে কোন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিনা সে সম্পর্কে তালাবানি বলেন, এ ব্যাপারে কোন সমঝোতা হয়নি। পরিস্থিতি পর্যালোচনা করেই এ অনুমান করা হয়েছে।
ইরাকি নেতা বলেন, ইরাকে মোতায়েনকৃত ব্রিটিশ সেনাদের দেশে ফিরে যাওয়া দেখতে ব্রিটিশ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
ইরাকি কর্তৃপক্ষ ও জোট বাহিনীর মধ্যে সমন্বয়ের ভিত্তিতে ইরাক থেকে বিদেশী বাহিনী প্রত্যাহারে পক্ষপাতি প্রেসিডেন্ট তালাবানি।
ইরাকে নির্ধারিত ১৫ ডিসেম্বরের জাতীয় পরিষদের নির্বাচনে ব্যাপক সহিংসতা দেখা দেবে বলে প্রেসিডেন্ট আশংকা প্রকাশ করেন। তবে নির্বাচনের ফলাফলের উপর সহিংসতার কোন প্রভাব থাকবে না বলে তিনি জানান।
ইরাক যুদ্ধের সাথে ব্রিটেনের সম্পৃক্ততা ও লন্ডনে ৭ জুলাইয়ের সন্ত্রাসী হামলার মধ্যে যোগসূত্র রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট তালাবানি না সূচক জবাব দেন।
প্রেসিডেন্ট তালাবানির সাক্ষাৎকারটি আইটিভি১-এ রোববার গ্রীনিচ মিন টাইমে ১২৪০টায় প্রচারিত হওয়ার কথা রয়েছে।
