প্যারিসের পর এবার লিয়নে দাঙ্গা
প্যারিসের পর এবার আরেক ফ্রেঞ্চ শহর লিওনে দাঙ্গা শুরু হয়েছে। প্যারিসের দাঙ্গা পরিস্থিতি থিতু হয়ে আসলেও শনিবার থেকে লিওনে দাঙ্গা ছড়িয়ে পড়ে।
শহরের পুলিশ বাহিনীর সদস্যরা সেখানে দাঙ্গাবাজ যুবকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
শহরের বিখ্যাত প্ল্যাস বেলিকার স্কয়ারের রাস্তার গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া ও গাড়ি ভাংচুরের অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। ফ্রান্সের বড় শহরের কেন্দ্রস্থলে এই প্রথম দাঙ্গার ঘটনা ঘটলো।
দুই সপ্তাহের বেশি সময় প্যারিসের আশেপাশের শহরে দাঙ্গার কারণে লিয়ন শহরেও অপ্রাপ্ত বয়স্কদের চলাচলের উপরে কড়াকড়ি আরোপ করার কয়েক ঘন্টা পরই সেখানে এ দাঙ্গার ঘটনা ঘটে।
রাজধানী প্যারিসে জনসভার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে। রোববার সকাল পর্যন্ত জনসভার উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
লিয়নের প্ল্যাস বেলিকারে দাঙ্গা শুরু হয় শনিবার স্থানীয় সময় ১৭০০টায় (১৬০০জিএমটি)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫০ জন যুবকের একটি দল সেখানকার স্টল্স ও যানবাহনে হামলা চালায়।
দোকান মালিকরা দাঙ্গার সম্ভাবনা দেখে দোকানপাট বন্ধ করে স্থানত্যাগ করে।
অপ্রাপ্ত বয়স্কদের চলাচল নিয়ন্ত্রণ করার লক্ষ্যে লিয়নসহ ১০টি শহরে সরকারি কর্মকর্তারা আগেই কারফিউ জারি করেন।
প্যারিসের দাঙ্গাক্রান্ত উত্তরাঞ্চলীয় উপশহরের স্টাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে স্বাগতিক ফ্রান্সের ও জার্মানির মধ্যে ফুটবল ম্যাচ থাকায় সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এদিকে অভিবাসী যুবকদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে কয়েকশ’ লোক শনিবার প্যারিসে অবস্থিত পুলিশ সদর দপ্তরের কাছে বিক্ষোভ করেছে।
প্যারিসের উপকন্ঠে একটি বৈদ্যুতিক সাব-স্টেশনে বিদ্যুতায়িত হয়ে দুই যুবকের মৃত্যুর প্রেক্ষিতে দুই সপ্তাহ আগে প্যারিস জুড়ে দাঙ্গা শুরু হয়।
পুলিশের তাড়া থেকে নিজেদের বাঁচাতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয় লোকজন যে অভিযোগ করেছে, পুলিশ তা অস্বীকার করেছে।
