ইরাকে আকস্মিক সফরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিৎসা রাইস তার মধ্যপ্রাচ্য সফরের শুরুতে শুক্রবার আকস্মিকভাবে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মসুলে অবতরণ করেছেন।
তিনি ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সেখানে মোতায়েনকৃত মার্কিন সামরিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে ইরাকের ১৫ ডিসেম্বর নির্ধারিত পার্লামেন্ট নির্বাচনের আগে দেশটির সার্বিক পরিস্থিতি সম্পর্কে তারা রাইসকে অবহিত করবেন।
মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ড. রাইস বাহরাইন, সৌদি আরব এবং ইসরাইল সফর করবেন।
রাজধানী বাগদাদের একটি রেস্টুরেন্টে আত্মঘাতী বোমা হামলায় ত্রিশ জনেরও বেশি লোক নিহত হওয়ার একদিন পর রাইস ইরাকে অবতরণ করলেন।
ব্যাপক নিরাপত্তা প্রহরার মধ্যে রাইস ইরাকে পৌঁছান। মসুলে অবতরণ করার আগ পর্যন্ত তার অবতরণের খবর গোপন রাখা হয়।
মসুলে অবতরণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে রাইস বলেন, সবাই পুরোপুরি নিরাপদ বোধ করবে এমন একটি দেশ গড়তে তিনি ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়কে উৎসাহিত করবেন।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে কোন রাজনৈতিক প্রতিনিধিকে সহযোগিতা করতে প্রস্তুত। আমি সম্প্রদায়গত সীমানার বাইরে গিয়ে কথার বলার উপর গুরুত্ব আরোপ করতে চাই। ইরাকের ভবিষ্যত এমন হতে হবে যেখানে প্রত্যেকের অংশগ্রহণ থাকবে।
ড. রাইস আশা প্রকাশ করেন, আসন্ন পার্লামেন্ট নির্বাচনে সুন্নি সম্প্রদায়ের বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি তাদের উৎসাহিত করবেন।
