২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকায় পোলিও বিস্তার কমেছে

আফ্রিকার দশটি দেশে পোলিও নির্মূল অভিযান সম্পন্ন হওয়ায় সেখানে পোলিও বিস্তার কমেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 12:56 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

পোলিও’র প্রাদুর্ভাবে আফ্রিকায় দুইশ’র বেশি শিশু বিকলাঙ্গ হয়ে গেছে। এ সময় নাইজেরিয়া থেকে পুরো আফ্রিকা, সেখান থেকে মধ্যপ্রাচ্য এমনকি ইন্দোনেশিয়াতেও পোলিও’র প্রকোপ দেখা দেয়।

অবশ্য জুন থেকে পশ্চিম ও মধ্য আফ্রিকার দশটি দেশে কোন শিশুর পোলিও রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

হু’র পোলিও নির্মূল বিষয়ক সমন্বয়কারী ব্রুস আইলওয়ার্ড পোলিও নির্মূলের সফলতাকে আশার আলো হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ১৮ মাসের মধ্যে পৃথিবী থেকে পোলিও-মুক্ত হতে পারে। আর দরিদ্র বিশ্ব তা করতে বদ্ধপরিকর।

পোলিও নির্মূল কর্মসূচিকে মুসলিমদের প্রতি পশ্চিমা বিশ্বের ষড়যন্ত্র উল্লেখ করে নাইজেরিয়ার মুসলিম ধর্মগুরুরা পোলিও ভ্যাকসিন বয়কটের আহ্বান জানালে দেশটিতে পোলিও’র প্রকোপ দেখা দেয়। এর ফলে আফ্রিকার ১৫টি দেশে পোলিও ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে পুরো মহাদেশে তা ছড়িয়ে পড়ে।

ইয়েমেন ও ইন্দোনেশিয়াতেও এর লক্ষণ দেখা গেছে।

বিশ্বজুড়ে পোলিও নির্মূলে অব্যাহত সাফল্যের পরও নাইজেরিয়া, ভারত, পাকিস্তান, নাইজার, আফগানিস্তান এবং মিসর এখনও পোলিও’র সাথে রীতিমত যুদ্ধ করছে।

হু’র প্রতিবেদন মতে, বিশ্বে ২০০৪ সালে ১,২৬৭ জন ও ২০০৫ সালে ১,৪৯২ জনের পোলিও’তে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

সমন্বয়কারী আইলওয়ার্ড জানান, ২০০৬ সালে পোলিও-বিরোধী অভিযান চালাতে তাদের ২০০ মিলিয়ন ডলার প্রয়োজন।