২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারিরি হত্যা তদন্তে সাহায্যের ব্যাপারে শর্ত ত্যাগ করতে সিরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

ওয়াশিংটন বলেছে, সিরিয়াকে অবশ্যই লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির হত্যা তদন্তে গঠিত জাতিসংঘ তদন্ত কমিটিকে পূর্ণাঙ্গ ও নিঃশর্ত সহযোগিতা করতে হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 10:35 AM

Updated : 26 Apr 2022, 06:16 PM

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবাননের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর ঘটনা তদন্তে জাতিসংঘের প্রধান তদন্ত কর্মকর্তা যেভাবে চাইবে, অবিলম্বে ও কোন জটিলতা ছাড়াই সেভাবে সহযোগিতা করতে হবে।

তদন্ত যেন সিরিয়ার জাতীয় স্বার্থকে আঘাত না করে-এই মর্মে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের মত ফ্রান্স ও ব্রিটেন তদন্তে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

তদন্তের অংশ হিসেবে জাতিসংঘ সিরিয়ার শীর্ষ ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়।

তদন্তকারী দলের প্রধান ডেটলেভ মেহলিস প্রেসিডেন্ট আসাদের শ্যালককেও জিজ্ঞাসাবাদ করতে চান।

প্রেসিডেন্ট আসাদ বৃহস্পতিবার টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে বলেন, তার দেশ জাতিসংঘের তদন্ত দলকে সহযোগিতা করবে। কারণ, তার দেশ নির্দোষ।

তবে প্রেসিডেন্ট আসাদ আরও বলেছেন, সিরিয়ার ক্ষতি করার চেষ্টা করা হলে সহযোগিতা বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, সিরিয়া যাই করুক না কেন, সহযোগিতা করতে ব্যর্থ-এমন অভিযোগে দেশটিকে অভিযুক্ত করা হবেই।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি মুখপাত্র এডাম ইরেলি বলেন, ডেটলেভ মেহলিস যদি কিছু চায়, তবে তাকে তা পেতে হবে। কোন বিলম্ব, জটিলতা ও বিভ্রান্ত করা ছাড়াই তাকে তা পেতে হবে।

সহযোগিতার কথা বলতে গিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাসকৃত একটি প্রস্তাবনার কথা মুখপাত্র ইরেলি উল্লেখ করেন।

তিনি বলেন, কমিশন জিজ্ঞাসাবাদ করতে চায় এমন যে কোন ব্যক্তিকে কমিশনের জন্য সহজলভ্য করতে সিরিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, আর জিজ্ঞাসাবাদের সময় ও স্থান ঠিক করার ক্ষমতাও কমিশনকে দেওয়া হয়েছে।

মার্কিন মুখপাত্রটি আরও বলেন, সমঝোতার শর্ত নিরূপণ করার দায়িত্ব সিরিয়ার নয়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সহযোগিতার দাবির মেনে নিতে সিরিয়াকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি মেনে না নিলে নিরাপত্তা পরিষদ পরবর্তী পদক্ষেপ নেবে।

বৈরুতে ফেব্রুয়ারিতে বোমা হামলায় হারিরির মৃত্যুর পর সিরিয়া ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হয়। সমালোচনা ও আন্তর্জাতিক চাপের কারণে সিরিয়াকে শেষ পর্যন্ত তার সামরিক বাহিনীকে লেবানন থেকে প্রত্যাহার করে নিতে হয়।