২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের সাথে কূটনৈতিক সম্পন্ন বিচ্ছিন্ন করতে যাচ্ছে পেরু

পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির প্রতি জাপানের দৃষ্টিভঙ্গির কারণে পেরু টোকিও থেকে তার রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2005, 11:59 AM

Updated : 26 Apr 2022, 06:16 PM

আলবার্তো ফুজিমোরি বর্তমানে চিলির একটি কারাগারে বন্দি রয়েছেন। পেরু তাকে তাদের হাতে হস্তান্তরের দাবি জানিয়ে আসছে। ফুজিমোরির জাপান ও পেরুর নাগরিকত্ব রয়েছে এবং চিলিতে গ্রেপ্তার হওয়ার আগে তিনি জাপানে বসবাস করছিলেন।

ফুজিমোরির অধিকার রক্ষার্থে টোকিও প্রতিজ্ঞা করেছে। বন্দি ফুজিমোরির প্রতি সদয় আচরণ করতে টোকিও চিলির প্রতি আহ্বান জানিয়েছে।

দুর্নীতি ও মানবাধিকার লংঘনের অভিযোগ অভিযুক্ত ফুজিমোরি (৬৭) অবশ্য তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।

২০০০ সালে পেরু থেকে পালিয়ে যাওয়া ফুজিমোরি পরবর্তীতে জাপানের নাগরিকত্ব লাভ করেন। তাকে পেরুর হাতে তুলে দিতে লিমা টোকিও’র প্রতি বার বার অনুরোধ জানালেও টোকিও তা নাকচ করে দিয়েছে।

পেরুর পররাষ্ট্র মন্ত্রী অস্কার মরতুয়া লিমায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিতোহিরো ইশিদাকে ডেকে পাঠিয়ে তার সরকারের নেয়া সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরিকে হস্তান্তরের বিষয় নিয়ে চিলি সরকারের সাথে আলোচনায় জাপানের যে কোন হস্তক্ষেপকে পেরু অগ্রহণযোগ্য হস্তক্ষেপ হিসেবেই বিবেচনা করবে।

চিলিতে ফুজিমোরির গ্রেপ্তারের পর থেকেই তার সাথে দেখা করার সুযোগ দিতে জাপান চিলিকে কূটনৈতিক চাপ প্রয়োগ করে আসছে।

বন্দি হস্তান্তরের বিষয় নিয়ে আলোচনার জন্য পেরুর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বর্তমানে চিলিতে অবস্থান করছে। অবশ্য চিলি বলেছে, আদালতের মাধ্যমেই বিষয়টির সুরাহা হবে।

ইস্যুটিতে জাপানের ভূমিকা নিয়েও চিলি প্রশ্ন তুলেছে।

১৯৯০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ফুজিমোরিকে পেরুতে ফেরত পাঠানো হলে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হবে।