গোপন কারাগারের ব্যাপারে সিআইএ’র কাছে রিপোর্ট চেয়েছে মার্কিন সিনেট
মার্কিন সিনেট দেশটির সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধানের কাছে বিদেশে সিআইএ’র কথিত গোপন কারাগার বিষয়ক রিপোর্ট চেয়েছে।
বিদেশে গোপন কারাগারে সন্দেহভাজন সন্ত্রাসীদের আটকে রাখা হয় বলে সম্প্রতি অভিযোগ উঠেছে।
সিনেটের আহ্বানের ফলে সিআইএ প্রধান জন নেগ্রোপন্টেকে দু’টি কংগ্রেসীয় গোয়েন্দা প্যানেলের সামনে সাক্ষ্য দিতে হবে।
অক্টোবরে দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পূর্ব ইউরোপ ও এশিয়ার আটটি দেশে গোপন কারাগার স্থাপন করেছে।
বুশ প্রশাসন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেনি আবার অস্বীকারও করেনি।
সিনেটর জন কেরি রিপোর্ট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর কেরি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে মার্কিন জনগণের একাগ্রতার ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। কিন্তু কংগ্রেসকে অন্ধকারে রেখে প্রশাসন যদি কোন কিছু করার চেষ্টা করে, তাহলে আমরা যে কারণে যুদ্ধ করছি, তা ক্ষতিগ্রস্ত হবে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন মতে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ব্ল্যাক সাইটস নামে পরিচিত কয়েকটি দেশে গোপন কারাগার স্থাপন করা হয়।
পত্রিকাটি জানায়, বড় ধরনের সন্ত্রাসবাদের সাথে জড়িত এমন ত্রিশ জনকে সিআইএ তার গোপন কারাগারে বন্দি রেখেছিল।
পত্রিকাটি আরও জানায়, মিসর, জর্ডান, মরক্কো, আফগানিস্তানসহ অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থার কাছে কমপক্ষে ৭০ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে হস্তান্তর করেছে।
এদিকে ইইউ বলেছে, সিআইএ পূর্ব ইউরোপের কোন কোন দেশে গোপন কারাগার পরিচালনা করছে বলে যে অভিযোগ উত্থাপিত হয়েছে, তারা তার সত্যতা পরীক্ষা করে দেখবে।
একটি মানবাধিকার সংগঠন বলেছে, রুমানিয়া ও পোল্যান্ডে সিআইএ’র গোপন কারাগার থাকতে পারে। অবশ্য উভয় দেশই এ অভিযোগ অস্বীকার করেছে।
আফগানিস্তান ও থাইল্যান্ডে গোপন কারাগার রয়েছে বলে ওয়াশিংটন পেস্ট গোপন জানায়। তবে দেশ দু’টির গোপন জেলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। থাইল্যান্ড ইতোমধ্যে এ ব্যাপারে গোপন জেল পরিচালনার অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছে।
